ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

নূর হোসেনের দুর্নীতির মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৪, ২৪ জুলাই ২০১৯
নূর হোসেনের দুর্নীতির মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
ফাইল ফটো

নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে এখন থেকে মামলাটির কার্যক্রম আবার শুরু হতে যাচ্ছে। প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করে দুদক।

বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. শফিকুল ইসলাম।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন ১৯৯৯ সালে মিথ্যা ও ভুয়া প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নূর হোসেন ১১টি চেকের মাধ্যমে ১৭ লাখ ৬৫ হাজার টাকা উত্তোলন করেন। কোনো কাজ না করে প্রকল্পের অর্থ আত্মসাৎ করেন তিনি। এ অভিযোগে তৎকালীন জেলা দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক মো. মোজাম্মেল হক ২০০২ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক মো. আলী আকবর নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৩ সালের ৩০ জানুয়ারি নারায়ণগঞ্জের বিশেষ জজ আদালত নূর হোসেনকে অভিযোগ গঠনের পর্যায়ে অব্যাহতি দেন। তার অব্যাহতি আদেশের বিরুদ্ধে দুদক ২০১৪ সালের ২৭ অক্টোবর হাইকোর্টে ফৌজদারি রিভিশন দায়ের করে।

একই বছরের ৭ ডিসেম্বর আসামি নূর হোসেনের অব্যাহতির আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এ রুলটি যথাযথ ঘোষণা করে হাইকোর্ট এ আদেশ দেন। ২০১৮ সালের ১৯ নভেম্বর নারায়ণগঞ্জের সাত খুন মামলায় নূর হোসেনসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহালের হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!