ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

মোবাইল টাওয়ারের প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:১৩, ২৫ এপ্রিল ২০১৯
মোবাইল টাওয়ারের প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট
ফাইল ফটো

বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত ক্ষতিকর বিকিরণের (রেডিয়েশন) বিষয়ে সমীক্ষা করে চার মাসের মধ্যে বিটিআরসি’কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে ওই সমীক্ষা প্রতিবেদনের আলোকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, কারাগার, খেলার মাঠ ও ঘনবসতিপূর্ণ জায়গায় ক্ষতিকর বিকিরণ (রেডিয়েশন) ছড়ানো টাওয়ার সরাতে আদেশ দেয়া হবে বলে মন্তব্য করেছেন আদালত। পাশাপাশি মামলাটি চলমান থাকবে বলেও জানান আদালত।

বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, ২০১২ সালে একুশে টেলিভিশনের তৎকালীন প্লানিং এডিটর ও বিশেষ প্রতিনিধি হারুন উর রশীদের করা ‘একুশের চোখ’অনুষ্ঠানে মোবাইল টাওয়ারের রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি অনুসন্ধানি প্রতিবেদন প্রচারিত হয়। এরপর এ ধরনের প্রতিবেদন সংযুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়। 

ওই রিটের শুনানি নিয়ে মোবাইল কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত তেজস্ক্রিয়তার মাত্রা এবং এর স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানকে বিভিন্ন মোবাইল কোম্পানির কয়েকটি মোবাইল টাওয়ার পরিদর্শন করে রেডিয়েশন বিষয়ে আদালতে প্রতিবেদন দেয়ার নির্দেশনাও দিয়েছিলেন।

ডেইলি বাংলাদেশ/টিএ/এমআরকে/এলকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!