ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এক রাতেই ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৭, ৭ এপ্রিল ২০২৬
এক রাতেই ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের
ছবি: ডোনাল্ড ট্রাম্প।

পাকিস্তানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি ও যুদ্ধ বন্ধে পাকিস্তানের পরিকল্পনাকে 'যথেষ্ট নয়' বলে অভিহিত করেছেন তিনি। ট্রাম্প স্পষ্ট জানান, এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করা সম্ভব এবং আজ মঙ্গলবার রাতেই সেই পদক্ষেপ নেওয়া হতে পারে।

অন্যদিকে ইরান সরকার জানিয়েছে, তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে আগ্রহী নয়। তারা চায় পুরোপুরি যুদ্ধের সমাপ্তি। হরমুজ প্রণালিও শিগগিরই খুলে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।

ট্রাম্পের দেওয়া সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ রাত ৮টায় (বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকাল ৬টায়) শেষ হচ্ছে। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, চুক্তি না হলে এবং হরমুজ প্রণালি না খুললে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’। দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যাপক হামলা চালানো হবে বলেও জানিয়েছিলেন তিনি।

Advertisement

পাকিস্তানের প্রস্তাবের বিষয়বস্তু
রয়টার্সকে দেওয়া একটি সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তানের প্রস্তাবে দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ১৫ থেকে ২০ দিনের মধ্যে ‘ইসলামাবাদ চুক্তি’ নামে একটি চূড়ান্ত ও স্থায়ী চুক্তি স্বাক্ষরিত হবে।

গত রোববার রাতে এই পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের কাছে পাঠানো হয়েছে। সূত্র জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির রোববার রাতভর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসও অনুরূপ প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান প্রথমে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছে, পরে স্থায়ী চুক্তির দিকে এগোনো হবে।

ইরানের অবস্থান
হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরান আগে থেকেই কঠোর আপত্তি জানিয়ে আসছে। সম্প্রতি তেহরান জানিয়েছে, অন্য দেশগুলোর জন্য শর্তসাপেক্ষে প্রণালিটি খুললেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তা স্থায়ীভাবে বন্ধ থাকবে। গতকালও এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ খুলবেন না তারা। কোনো সময়সীমাও মানবেন না।

প্রাথমিক যুদ্ধবিরতির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেরি বলেন, “যুদ্ধ যেন আবার নতুন করে শুরু না হয়, সেজন্য আমরা পুরোপুরি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছি।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের আলোচনার তিক্ত অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নিয়েছেন।

ট্রাম্প: এক রাতেই যথেষ্ট
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “তারা একটি প্রস্তাব দিয়েছে। এটি গুরুত্বপূর্ণ, কিন্তু যথেষ্ট ভালো নয়।” পরে তিনি আরও সরাসরি হুঁশিয়ারি দেন, “মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আর আজকের রাতই সেই রাত হতে পারে।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেন, যুদ্ধ শুরুর পর থেকে সোমবার ইরানে সবচেয়ে বেশি হামলা হয়েছে। আজ মঙ্গলবার আরও তীব্র হামলা চালানো হবে।

যুদ্ধের ৩৮তম দিনে ব্যাপক পাল্টাপাল্টি হামলা
গতকাল যুদ্ধের ৩৮তম দিনে উভয় পক্ষ থেকে তীব্র হামলা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলের হাইফা শহরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, নিহত হয়েছেন চারজন। তেল আবিবসহ মধ্য ইসরায়েলের অন্তত ২৮টি স্থানে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট ইরানের তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং আসালুয়েহ এলাকার পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালিয়েছে। তেহরানের বাহারেস্তান এলাকায় হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান সায়েদ মাজিদ খাদেমিও নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্থা এইচআরএনএ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এক ইরানি তরুণ বিবিসিকে বলেন, “মনে হচ্ছে আমরা চোরাবালিতে আটকে যাচ্ছি। সাধারণ মানুষ হিসেবে আমরা আর কী-ই বা করতে পারি? ট্রাম্পকে তো থামাতে পারব না।”

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!