ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৯, ৪ এপ্রিল ২০২৬
ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
ছবি: নীলুফার ইয়াসমিন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ফোর্ট মায়ার্সে বাংলাদেশি নারী নীলুফার ইয়াসমিনকে (৪৮) হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০)-কে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২ এপ্রিল, ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে ফোর্ট মায়ার্স সিটির মার্টিন লুথার কিং জুনিয়র ব্লুবার্ডে অবস্থিত ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরের সামনে এই ঘটনা ঘটে। নীলুফার ইয়াসমিন ওই দোকানে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।

দোকানের ম্যানেজার ও সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ শিপু জানান, নীলুফার প্রায় তিন থেকে ছয় মাস আগে এই দোকানে যোগ দিয়েছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি দুই কন্যাসন্তানের মা—যাদের বয়স ১৬ ও ২০ বছর।

Advertisement

দোকানের জায়গার মালিক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে—গত ৩১ মার্চ সকালে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন এটিএম মেশিন থেকে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করেন। নীলুফার তাকে জানান যে, মেশিনটি দোকানের নয় এবং তিনি টাকা দিতে পারবেন না। এরপর সে চলে যান।

বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষ করে নীলুফার গাড়ি ভাঙচুরের শব্দ শুনে দোকান থেকে বের হয়ে আসেন। তিনি অভিযুক্তকে জিজ্ঞাসা করেন, “আপনি কী করছেন?” জবাবে রোলবার্ট “আমার টাকা দাও” বলে তেড়ে এসে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ১৪ মিনিটে রোলবার্ট প্রথমে নীলুফারের গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করেন। এরপর নীলুফার বেরিয়ে এলে তাকে হাতুড়ি দিয়ে মাথায় একাধিক আঘাত করা হয়।

ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের (ইএমএস) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নীলুফারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন একজন গৃহহীন ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাকে লি কাউন্টি জেলে রাখা হয়েছে।

ফোর্ট মায়ার্স পুলিশ তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও তথ্য জানতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে।

এই নৃশংস ঘটনায় ফ্লোরিডা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।

সূত্রঃ নিউজ প্রেস 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!