ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৫, ৯ নভেম্বর ২০২৪
বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ
ফাইল ফটো

বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে সার্বিকভাবে খাদ্যপণ্যের দাম বেড়েছে দুই শতাংশ।

শুক্রবার (৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বসংস্থাটি জানায়, অক্টোবর মাসে মাংস ছাড়া সব প্রধান খাদ্যপণ্যের দাম বেড়েছে, যার মধ্যে ভোজ্যতেলের দাম রেকর্ড ৭ দশমিক ৩ শতাংশ বেড়েছে। অক্টোবর মাসে এফএও’র খাদ্য মূল্যের সূচক এক বছর আগের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ বেশি ছিল, যদিও এটি ইউক্রেন যুদ্ধকালীন ২০২২ সালের মার্চের সর্বোচ্চ স্তরের চেয়ে ২০ দশমিক ৫ শতাংশ কম।

সেপ্টেম্বরের তুলনায় খাদ্যশস্যের দাম শূন্য দমশিক ৮ শতাংশ বেড়েছে, তবে অক্টোবর ২০২৩ থেকে ৮.৩ শতাংশ কম ছিল। অক্টোবরে ভোজ্যতেলের দাম মাসিক ভিত্তিতে ৭.৩% বেড়েছে, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

Advertisement

এফএও ফুড প্রাইস ইনডেক্স অক্টোবর মাসে ১২৭.৪ পয়েন্টে পৌঁছায়। এটি এপ্রিল ২০২৩-এর পর থেকে সর্বোচ্চ রেকর্ড। সংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবরে বিশ্বে খাদ্যপণ্যের যে দাম ছিল, তার তুলনায় চলতি ২০২৪ সালের অক্টোবরে তা বেড়েছে অন্তত ৫ দশমিক ৫ শতাংশ।

মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে বৈরী আবহাওয়া এবং জ্বালানির ক্রমবর্ধমান দামকে উল্লেখ করা হয়েছে। এর ফলে কৃষি উৎপাদন ও পরিবহন খরচ বেড়েছে যা খাদ্য বাজারকে অনিশ্চিত করে তুলেছে।

এদিকে, ডেইরি এবং দুগ্ধজাত পণ্যের মূল্য ১.৯ শতাংশ বেড়েছে, যা আগের বছরের তুলনায় ২১.৪ শতাংশ বেশি। বৈশ্বিক চাহিদা বৃদ্ধির ফলে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। চিনির দাম অক্টোবর মাসে ২.৬ শতাংশ বেড়েছে। ব্রাজিলে খরার কারণে আখের উৎপাদন ব্যাহত হয়েছে এবং জ্বালানির মূল্যবৃদ্ধিও এর একটি বড় কারণ। তবে, গত বছরের তুলনায় চিনির মূল্য এখনও ১৮.৬ শতাংশ কম।

তবে এমন মূল্যবৃদ্ধির প্রতিযোগিতায় মাংসের বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। অক্টোবরে মাংসের মূল্য ০.৩ শতাংশ কমেছে। তবে, গত বছরের তুলনায় এখনও মাংসের মূল্য ৭.৫ শতাংশ বেশি রয়েছে। পশ্চিম ইউরোপে মাংসের সরবরাহ বাড়ায় কিছু বাজারে চাহিদা মেটানো সম্ভব হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!