ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে আরো ৫ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৪, ২৫ অক্টোবর ২০২৪
লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে আরো ৫ ইসরায়েলি সেনা নিহত
নিহত দখলদার ইসরায়েলি সেনারা - ফাইল ফটো

দক্ষিণ লেবাননে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে আরো পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি স্থল হামলায় অংশ নিতে দক্ষিণ লেবাননে যাওয়ার পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে হামলার মুখে পড়ে তারা। এতে পাঁচ সেনা নিহত হওয়ার পাশাপাশি আরো ১৯ সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহতদের সবাই ৮ নম্বর আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। তাদের মধ্যে মাওরি নামের এক সেনা ব্যাটালিয়নের উপকমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, নিহত সেনারা দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থান করছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ছোড়েন। হামলার মুখে পড়ার সময় ওই সেনাদের কাছে রসদ/অস্ত্র পৌঁছে দিচ্ছিল অন্যান্য সেনারা।

Advertisement

নেতানিয়াহু বাহিনী আরো জানিয়েছে, রসদ গ্রহণের যে মিটিং পয়েন্ট ছিল সেখানে বেশ কয়েকটি রকেট ছোড়ে হিজবুল্লাহ। এর মধ্যে একটি রকেট আঘাত হানে একটি বাড়িতে। এই বাড়ির সামনে ইসরায়েলি সেনারা দাঁড়িয়ে ছিলেন। যারা রসদ পৌঁছে দিতে গিয়েছিল তাদের মধ্যেও কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র (অপারেশনস রুম) থেকে ইসরায়েলের ৭০ জনের বেশি সেনা সদস্যকে হত্যার দাবি করা হয়।

তবে ইসরায়েল বলছে, গত মাসে লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সেখানে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছে। এ ছাড়া উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় ৩০ জনের বেশি বেশি নিহত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!