ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাদুঘরে ঘুরতে গিয়ে ৩৫০০ বছরের পুরোনো জার ভেঙে ফেললো শিশু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৪, ১ সেপ্টেম্বর ২০২৪
জাদুঘরে ঘুরতে গিয়ে ৩৫০০ বছরের পুরোনো জার ভেঙে ফেললো শিশু
ছবি: সংগৃহীত

বাবার সঙ্গে জাদুঘরে ঘুরতে গিয়েছিল চার বছর বয়সী এক শিশু। আর সেখানে গিয়ে দুর্ঘটনাক্রমে বিরল এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভেঙে ফেলে সে। ওই নিদর্শনটি হচ্ছে এমন একটি জার বা বয়াম যা সাড়ে ৩ হাজার বছরের পুরোনো। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইসরায়েলের হাইফার হেচট মিউজিয়ামে।

মিউজিয়াম কর্তৃপক্ষ বলেছে, ভেঙে যাওয়া ক্রোকারিজটি ব্রোঞ্জ যুগের খ্রিস্টপূর্ব ২২০০ থেকে ১৫০০ সালের মধ্যে তৈরি করা হয়েছিল এবং এটি ছিল বিরল এক প্রত্নবস্তু কারণ ভেঙে যাওয়ার আগপর্যন্ত এটি ছিল অক্ষত।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, কাঁচের নিরাপত্তাবেষ্টনী ছাড়াই জাদুঘরের প্রবেশদ্বারের কাছে ওই প্রত্নবস্তুটি প্রদর্শনের জন্য রাখা ছিল। কারণ জাদুঘর কর্তৃপক্ষের বিশ্বাস, কোনও ধরনের ‘বাধা ছাড়া’ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে দেখানোর মধ্যে ‘বিশেষ আকর্ষণ’ রয়েছে।

Advertisement

ছেলে শিশুটির বাবা অ্যালেক্স বলেছেন, তার সন্তান ওই জারটি সামান্য টেনেছিল। মূলত ওই জারের ‘ভেতরে কী রয়েছে তা নিয়ে কৌতূহলী ছিল’ সে এবং টান দেওয়ার কারণে সেটি পড়ে যায়।

অ্যালেক্স আরো বলেন, তিনি ভেঙে ফেলা বয়ামের পাশে তার সন্তানকে দেখে ‘চমকে গিয়েছিলেন’ এবং প্রথমে ভেবেছিলেন ‘আমার সন্তান এমনটি করেনি’। তবে ছেলেটিকে শান্ত করার পর তিনি নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলেন বলে অ্যালেক্স বলেছেন।

হেচট মিউজিয়াম বলেছে, কয়েকদিন আগে ঘটে যাওয়ার এই ঘটনাটি পর শিশুটিকে তার পরিবারের সাথে জাদুঘরের প্রদর্শনীতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।

জাদুঘর থেকে লিহি লাসজলো বলেছেন, ‘এমন উদাহরণও রয়েছে যেখানে প্রদর্শনের জিনিসগুলোকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং এই ধরনের ঘটনায় পুলিশকে যুক্ত করাসহ অত্যন্ত কঠোরতার সাথে পদক্ষেপ নেয়া হয়ে থাকে।’

তিনি আরো বলেন, ‘তবে এই ক্ষেত্রে পরিস্থিতি তেমনটি ছিল না। জাদুঘরে ঘুরতে আসা ছোট একটি শিশুর হাতে দুর্ঘটনাক্রমে জারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর প্রতিক্রিয়াও হবে সেই অনুযায়ী।’

বিবিসি বলছে, ভেঙে যাওয়া জারটি মেরামতের জন্য একজন বিশেষজ্ঞও নিযুক্ত করা হয়েছে এবং ‘অল্প সময়ের মধ্যেই’ এটি তার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। ছেলেটির বাবা অ্যালেক্স বলেন, তারা জারটি মেরামত করতে দেখে ‘স্বস্তি বোধ করছে’।

তিনি আরো বলেছেন, ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে তারা ‘দুঃখিত’ এবং ‘একই ঘটনা আর ঘটবে না’।

ইসরায়েলের এই জাদুঘরটি বলেছে, ‘যখনই সম্ভব, আইটেমগুলো বাধা বা কাচের দেয়াল ছাড়াই প্রদর্শিত হয়ে থাকে’ এবং ‘বিরল ঘটনা সত্ত্বেও’ তারা এই ঐতিহ্যকে অব্যাহত রাখতে চায়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!