ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বৈরুতে শব্দের চেয়ে দ্রুত গতির বোমা হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ৭ আগস্ট ২০২৪
বৈরুতে শব্দের চেয়ে দ্রুত গতির বোমা হামলা ইসরায়েলের
ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে বিমান থেকে শব্দের চেয়ে দ্রুত গতির বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। দেশটির আকাশসীমায় ঢুকে খুব নিচু দিয়ে উড়ে গিয়ে এ হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার ইসরায়েলের জঙ্গি বিমান গিয়ে বৈরুতে হামলা চালায়। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে হুমকি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে। এর আগে একই দিনে হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চলে দফায় দফায় ড্রোন ও রকেট হামলা চালায়।

গত সপ্তাহে লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের হামলায় এক শীর্ষ কমান্ডার নিহতের ঘটনার জবাবে সোমবার ও মঙ্গলবার হিজবুল্লাহ ওই হামলা চালায়। তবে এমন হামলা আরো চলবে বলেও ইসরায়েলকে সতর্ক করেছে হিজবুল্লাহ।

Advertisement

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি বন্দরনগরীর কাছে দুটো সামরিক স্থাপনায় সামরিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। আরেকটি জায়গাতেও ইসরায়েলি সামরিক যানে তারা হামলা করেছে বলে জানিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীও বলেছে, লেবানন থেকে আসা হামলাকারী একাধিক ড্রোন তারা শনাক্ত করেছে এবং একটিকে বাধা দিয়েছে।

ইসরায়েলের চিকিৎসা কর্মকর্তারা বলেছেন, নাহারিয়া উপকূলীয় নগরীর দক্ষিণের হাসপাতালে নেয়া হয়েছে ৭ জনকে। একজনের অবস্থা গুরুতর।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মাইস আল জাবাল শহরের কাছে ইসরায়েলের হামলায় দুজন নিহত হয়েছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

ইসরায়েলি সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত মাইস আল জাবাল শহরটি ইসরায়েলি বোমা হামলার মূল কেন্দ্রবিন্দু হওয়ায় এখানকার বাসিন্দারা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

গাজায় ৭ অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ সংঘর্ষে লেবানন সীমান্তে এ পর্যন্ত ৫৪৯ ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে ১১৬ জন বেসামরিক নাগরিক।

হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েলের ওপর বড় ধরনের হামলা করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান ও লেবানন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!