ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস কমান্ডারসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ৪ আগস্ট ২০২৪
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস কমান্ডারসহ নিহত ৯
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রাণঘাতী হামলায় হামাস কমান্ডারসহ ৯ জন নিহত হয়েছেন। এই হামলার কয়েক ঘণ্টা পর শনিবার গাজা শহরের বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, পশ্চিম তীরে দুটি বিমান হামলা করা হয়েছে। এর মধ্যে বিমান হামলার প্রথমটি তুলকারম শহরের কাছে একটি শহরের গাড়িতে আঘাত হানে। তাদের দাবি, সশস্ত্র যোদ্ধাদের সেলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তারা আক্রমণ চালানোর উদ্দেশে যাচ্ছিল বলেও দাবি ইসরায়েলের।

হামাসের একটি বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন তাদের তুলকারম ব্রিগেডের কমান্ডার ছিলেন। অন্যদিকে হামাসের মিত্র ইসলামিক জিহাদ দাবি করেছে, হামলায় মারা যাওয়া বাকি চারজন তাদের যোদ্ধা ছিল।

Advertisement

এর কয়েক ঘণ্টা পরে ওই এলাকায় দ্বিতীয় বিমান হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বলেছে, ওই হামলায় চারজন নিহত হয়েছে এবং হামাস বলেছে, পশ্চিম তীরে দুটি ইসরায়েলি হামলায় নিহত নয়জনই যোদ্ধা।

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের আগে থেকেই পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পাচ্ছিল এবং ভূখণ্ডটিতে ঘন ঘন ইসরায়েলি অভিযানও ব্যাপকভাবে বেড়েছে। এই ভূখণ্ডটি ফিলিস্তিনিদের কাছে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ।

ফিলিস্তিনি এই ভূখণ্ডে সর্বশেষ হামলার ঘটনা এমন এক সমযে ঘটল যখন ইরান এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে। আর এটি মধ্যপ্রাচ্যে বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

ফ্রান্স, ব্রিটেন, ইতালি এবং মিসরসহ যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক অংশীদাররা আরও আঞ্চলিক উত্তেজনা রোধ করতে শনিবারও তাদের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!