বৃহস্পতিবার (১ আগস্ট) সংবাদমাদ্যম আল-জাজিরাকে একটি সূত্র জানিয়েছে, তুরস্কের মধ্যস্থতার এই বিনিময় হয়েছে। বন্দি বিনিময়ের মধ্যে সাত দেশের ২৪ জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি এবং দু’জন শিশু রয়েছে।
তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) সহযোগিতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বন্দি বিনিময় হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
.png)
বিবৃতিতে সংস্থাটি আরো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তুরস্কের সহযোগিতায় দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের ঘটনা এক মাইলফলক দৃষ্টান্ত।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করা হয়নি। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকেও সাংবাদিক ইভাব গার্সকোভিচের মুক্তির বিষয়ে কিছু জানানো হয়নি।
গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২৩ সালে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক গার্সকোভিচকে গ্রেফতার করা হয়। অন্যদিকে হুইলেনকে ২০২২ সালে আটক করে রাশিয়া। পরবর্তীতে তার বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ১৬ বছরের কারাদণ্ড দেয় মস্কো। যুক্তরাষ্ট্রের দাবি তাদের দু’জনকেই ভুলভাবে আটক করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দি বিনিময়ের অংশ হিসেবে রাশিয়ার একটি সামরিক বিমান আঙ্কারাকে পৌঁছেছে।
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় হয়। ওই সময়ে মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারকে ১০ মাসের কারাদণ্ডের পর ছেড়ে দেয় মস্কো। এই খেলোয়াড়ের পরিবর্তে রাশিয়া তাদের অস্ত্র ব্যবসায়ী ডিলার ভিক্টর বউটকে ছাড়িয়ে নেয়।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর এক প্রকার ঠাণ্ড যুদ্ধ চলছে। এর মধ্যেই এমন বন্দি বিনিময়ের ঘটনাকে ভিন্নভাবে দেখছেন বিশ্লেষকরা।