ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতী হামলা,৮ সেনাসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৮, ১৬ জুলাই ২০২৪
পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতী হামলা,৮ সেনাসহ নিহত ১৮
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বান্নু সেনানিবাসে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ওই ক্যাম্পের আট সেনা সদস্যসহ ১৮ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্যা নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মঙ্গলবার জানিয়েছে, বান্নু সেনানিবাসে প্রবেশের চেষ্টার সময় ১০ জনের মতো সন্ত্রাসী নিহত হয়েছে। এই ঘটনায় আক্রমণকারীরা সেনানিবাসে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হয়। যার কারণে সন্ত্রাসীরা সেনানিবাসের প্রাচীরে ধাক্কা দেওয়ার মাধ্যমে বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়। এতে আট সেনা সদস্য নিহত হয়।

Advertisement

নিহত সেনা সদস্যরা হচ্ছেন, পাকিস্তান সেনাবাহিনীর নায়েব সুবেদার মুহম্মদ শেহজাদ, হাবিলদার জিল-ই-হুসাইন, হাবিলদার শাহজাদ আহমেদ, সিপাহী আশফাক হোসেন খান, সিপাহী সোবহান মজিদ, সিপাহী ইমতিয়াজ খান, সিপাহী আরসালান আসলাম এবং ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির ল্যান্স নায়েক সবজ আলী।

জানা গেছে, আত্মঘাতী বিস্ফোরণের ফলে প্রাচীরের একটি অংশ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি সেনারা কার্যকরভাবে সন্ত্রাসীদের জবাব দিয়েছে এবং যার ফলস্বরূপ পরবর্তী অভিযানে ওই দশজন সন্ত্রাসীই নিহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর এই সময়োপযোগী এবং কার্যকর প্রতিক্রিয়া বড় বিপর্যয় ঠেকিয়ে দিয়েছে এবং মূল্যবান নিরপরাধ জীবন বাঁচিয়েছে। নিরাপত্তা বাহিনীর বীরত্বপূর্ণ এবং নিঃস্বার্থ এই পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের নিরলস সংকল্পের প্রমাণ।

সূত্র: সিনহুয়া

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!