ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্পকে হত্যার চেষ্টা, হামলাকারীর পরিচয় যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ১৪ জুলাই ২০২৪
ট্রাম্পকে হত্যার চেষ্টা, হামলাকারীর পরিচয় যা জানা গেল
ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম টমাস ম্যাথিউ ক্রুকস। দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এফবিআই) এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে রোববার লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় একটি সমাবেশে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার পরপরই অভিযুক্ত ঐ হামলাকারী মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন। 

Advertisement

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) আনুষ্ঠানিকভাবে হামলাকারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস বলে জানিয়েছে।

পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা ২০ বছর বয়সী এ যুবক সমাবেশের মঞ্চ থেকে ১৩০ গজ দূরে একটি ভবনের ছাদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কমপক্ষে আটটি গুলি ছুড়েন।

মূলত ২০ বছর বয়সী এ বন্দুকধারীই শনিবার পেনসিলভানিয়ার সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় গুলি করে আহত করে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় ১৩০ গজ দূরে একটি ভবনের ছাদ থেকে এআর রাইফেল দিয়ে গুলিবর্ষণ করে হামলাকারী। সঙ্গে সঙ্গে সাবেক এই প্রেসিডেন্ট নিচে লুটিয়ে পড়ে নিজেকে আড়াল করেন। এসময় সিক্রেট সার্ভিস এজেন্টরা তার পাশেই ছিলেন। এরপর তাকে স্টেজ থেকে নামিয়ে নেয়া হয়।

এদিকে ট্রাম্পকে যখন ধরে স্টেজ থেকে নামানো হচ্ছে, সেই সময়ই কানের পাশ, গালে রক্ত লক্ষ্য করা যায়। স্টেজ থেকে নামার সময় হাত উঁচিয়ে, মুঠো করে হার না মানার ইঙ্গিত করে দেখান ট্রাম্প।

আক্রমণকারীর গুলিতে সমাবেশে অবস্থানরত একজন ব্যক্তিও নিহত হন। এরপর মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হন ঐ হামলাকারী। 

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। নির্বাচনের প্রচারে শনিবার বাটলার শহরের অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে ওঠার পরই একপর্যায়ে এ হামলা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ট্রাম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!