ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিনা চিকিৎসায় মারা গেলেন ফিলিস্তিনের প্রথম অলিম্পিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:১৩, ১৬ জুন ২০২৪
বিনা চিকিৎসায় মারা গেলেন ফিলিস্তিনের প্রথম অলিম্পিয়ান
মাজেদ আবু মাহারেল - ফাইল ফটো

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অবরোধের কারণে বিনা চিকিৎসায় ফিলিস্তিনের প্রথম অলিম্পিয়ানের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই

সংবাদমাধ্যমটি বলেছে, ফিলিস্তিনের প্রথম অ্যাথলেট হিসেবে যিনি অলিম্পিকে অংশ নিয়েছিলেন গত বুধবার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে বিদ্যুতের অভাবে এবং বিনা চিকিৎসায় কিডনি বিকল হয়ে মারা গেছেন।

Advertisement

অ্যাথলেট মাজেদ আবু মাহারেল ৬১ বছর বয়সে মারা গেছেন। তিনি ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে প্রথমবারের মতো ফিলিস্তিনের পতাকা বহন করেছিলেন। দৌড়বিদ হিসেবে তিনি ১০ কিলোমিটার প্রতিযোগিতায় অংশ নেন। তারপর আরো ২০ ফিলিস্তিনি অলিম্পিকে ফিলিস্তিনকে প্রতিনিধিত্ব করেছেন।

ফিলিস্তিনের সাবেক এই অ্যাথলেটের ভাই স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা তাকে মিশরে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিং বন্ধ করে দেওয়ায় তারা আর এটি পারেননি। পরবর্তীতে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় এবং তার মৃত্যু হয়।

গত বছরের ৭ অক্টোবর গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। আট মাস ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় ১ লাখ মানুষ।

যুদ্ধ শুরুর পর পরই গাজায় চিকিৎসা সরঞ্জামসহ সবকিছুর সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। এতে করে সাধারণ মানুষ খাদ্যকষ্ট ছাড়াও চিকিৎসা সেবা পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!