যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সমভূমি ও মধ্যাঞ্চলের অবস্থান এবং আবহাওয়াজনিত কারণে সেখানে প্রতি বছরের মে মাসেই শক্তিশালী টর্নেডো দেখা দেয়। দেশটির স্টর্ম প্রেডিকশন সেন্টার সতর্ক করে বলেছে, এসব অঞ্চলে অতি শক্তিশালী টর্নেডো, ব্যাপক শিলাবৃষ্টি এবং প্রবল ঝড়ে বিস্তৃত ক্ষয়ক্ষতি হতে পারে। বিশাল এ অঞ্চলের ১০ কোটি ৯০ লাখ বাসিন্দা এসব পরিস্থিতির হুমকির মুখে আছে বলে জানিয়েছে তারা।
টেক্সাস অঙ্গরাজ্যে হতাহতের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ২০ হাজার বাড়িঘর। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো, উপড়ে গেছে গাছপালা। বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি।
.png)
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছেন, শনিবার রাতে টেক্সাসের কুক কাউন্টিতে প্রবল ঝড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের বয়স দুই ও পাঁচ বছর।
রোববার এক সংবাদ সম্মেলনে গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, এখানে ঝড়ে প্রায় ১০০ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ে আরক্যানসতে অন্তত আটজন নিহত হয়েছেন।
গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স রোববার বিকালে অঙ্গরাজ্যের যে অংশটি টর্নেডো ও বিরূপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেন।
ওকলাহোমার স্থানীয় কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, শনিবার রাতে প্রবল ঝড়ে অঙ্গরাজ্যের উত্তরপূর্বাঞ্চলে দুই জন নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছেন।
প্রসঙ্গত, এপ্রিল এবং মে মাসে যুক্তরাষ্ট্রে টর্নেডো বেশি আঘাত হানে, বিশেষ করে দেশটির মধ্য-পশ্চিম অঞ্চলে। ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগকালীন সতর্কতায় আওতায় রয়েছে দেশটির শতাধিক কাউন্টি। প্রেসিডেন্ট জো বাইডেনকে ঝড়ের বিষয়ে অবহিত করা হয়েছে।