ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে যাত্রীবাহী বাসের ওপর উল্টে গেল ট্রাক, ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০০, ২৬ মে ২০২৪
ভারতে যাত্রীবাহী বাসের ওপর উল্টে গেল ট্রাক, ১১ জনের মৃত্যু
ভারতে যাত্রীবাহী বাসের ওপর উল্টে গেল ট্রাক

ভারতের উত্তরাখণ্ডের তীর্থযাত্রীদের বহনকারী বাসের ওপরে একটি ট্রাক উল্টে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। 

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার গভীর রাতে দেশটির উত্তর প্রদেশে দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপর পাথরবোঝাই একটি ট্রাক উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গোলা বাইপাস রোডে শাহজাহানপুরের একটি ধাবায় দাঁড়িয়েছিল বেসরকারি একটি বাস। পূর্ণগিরি থেকে সীতাপুরে যাচ্ছিল বাসটি। আচমকাই সেখানে একটি পাথরবোঝাই ট্রাক এসে ধাক্কা মারে বাসটিকে। সঙ্গে বাসটি উল্টে যায়।

Advertisement

দ্রুত ঘটনাস্থলে হাজির হয় তদন্তকারী দল। প্রায় তিন ঘণ্টা চলে উদ্ধারকাজ। দেখা যায়, বহু তীর্থযাত্রী ট্রাকের তলায় এমনভাবে চাপা পড়েছেন, ক্রেনে তাদের নিথর মরদেহ বের করতে হচ্ছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।

শাহজাহানপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট অশোক কুমার মীনা জানান, আমরা রাত এগারোটার দিকে দুর্ঘটনার কথা জানতে পারি। মূলত কিছু মানুষ বাস থেকে নেমে ধাবায় খাবার খাচ্ছিলেন। বাকিরা বাসেই বসেছিলেন। ট্রাক এসে ধাক্কা দেওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের সকলকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!