ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৭, ১২ মার্চ ২০২৪
মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত
মালদ্বীপ - ফাইল ছবি

নির্ধারিত সময়ের আগেই মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে প্রতিবেশী দেশ ভারত।

মঙ্গলবার (১২ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি

মালদ্বীপের মিহারু সংবাদপত্রের খবরে বলা হয়েছে, দেশটির সর্বদক্ষিণের আদ্দু দ্বীপে মোতায়েন ২৫ জন ভারতীয় সৈন্য এরই মধ্যে মালদ্বীপ ছেড়েছেন।

Advertisement

দু’পক্ষের সমঝোতা অনুসারে যদিও ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরুর কথা ছিল আগামী ১০ মে। কিন্তু তার আগেই সৈন্যদের ফিরিয়ে নিতে শুরু করেছে নয়াদিল্লি।

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক ছিল মালদ্বীপের। তবে মালদ্বীপে বিশাল সামুদ্রিক সীমান্ত টহল দেওয়ার জন্য মোতায়েন ভারতীয় সেনাদের বের করে দেওয়ার প্রতিশ্রুতিতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সেপ্টেম্বরে ক্ষমতায় আসেন।

গত নভেম্বরে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই ভারতীয় সৈন্যদের মালদ্বীপ ছাড়ার নির্দেশ দেন। এ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কে তিক্ততা ক্রমেই বাড়তে থাকে।

ভারত মহাসাগরের পূর্ব-পশ্চিম শিপিং রুটের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মালদ্বীপ। সেখানে দীর্ঘদিন ধরে নিজেদের প্রভাব বজায় রেখেছিল ভারত।

মালদ্বীপকে তার সমুদ্রসীমা পর্যবেক্ষণে দুটি হেলিকপ্টার ও একটি প্লেন দিয়েছিল ভারত। সেগুলো পরিচালনায় সাহায্য করতে দ্বীপরাষ্ট্রটিতে ৮৯ জন সেনা পাঠিয়েছিল নয়াদিল্লি। এসব সৈন্য ফিরিয়ে নেয়ার পর বেসামরিক কর্মকর্তাদের দিয়ে প্লেনগুলো পরিচালনা করা হবে। এরইমধ্যে সেই বেসামরিক কর্মকর্তারা ভারত থেকে মালদ্বীপে পৌঁছেছেন বলে জানিয়েছে মিহারু সংবাদপত্র।

সংবাদপত্রটি জানায়, তিনটি ভারতীয় বিমান, দুটি হেলিকপ্টার এবং একটি ফিক্সড-উইং প্লেন এরইমধ্যে মালদ্বীপে পৌঁছেছে। তবে এ ব্যাপারে মালদ্বীপ বা ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ খবর পাওয়া যায়নি।

কিন্তু মিহারু জানিয়েছে, মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, ভারতীয় সেনা প্রত্যাহার শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!