ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দায়িত্ব নিয়েই ভারতীয় সেনাদের তাড়াব: মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২৩, ৩ অক্টোবর ২০২৩
দায়িত্ব নিয়েই ভারতীয় সেনাদের তাড়াব: মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট
মোহামেদ মুইজু - ফাইল ছবি

দায়িত্ব পাওয়ার প্রথম দিনই ভারতীয় সেনাদের দেশ থেকে তাড়ানোর প্রক্রিয়া শুরু করবেন বলে জানিয়েছেন দ্বীপরাষ্ট্র মালদ্বীপের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজু।

সোমবার (২ অক্টোবর) রাজধানী মালেতে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রোগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপের (পিপিএম) এই নেতা নির্বাচনের আগে ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশে আর ভারতীয় সেনা রাখবেন না। এবার সেই কথা রাখবেন বলে জানালেন মালের সাবেক এ মেয়র।

Advertisement

চীনপন্থী হিসেবে পরিচিত মোহামেদ মুইজু বলেন, ‘জনতা আমাকে বলেছে, তারা দেশের ভেতর বিদেশি সামরিক বাহিনী চায় না।’

তিনি বলেন, ‘বিদেশি সেনাদের দেশের ভেতরে থাকতে দেওয়ার অনুমতি আর মিলবে না। মানুষ এটাই চাইছে।’

গত শনিবার মালদ্বীপে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী নেতা মোহামেদ মুইজু। অন্যদিকে ৪৬ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।

রাজধানী মালের মেয়র ছিলেন মোহামেদ মুইজু। তিনি ‘ভারতকে বিদায় করো’ শ্লোগান দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। কারণ ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ভারতপন্থী হিসেবে পরিচিত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!