ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৪৯০০ চিকিৎসকের লাইসেন্স স্থগিত করার প্রক্রিয়া শুরু দক্ষিণ কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩২, ১১ মার্চ ২০২৪
৪৯০০ চিকিৎসকের লাইসেন্স স্থগিত করার প্রক্রিয়া শুরু দক্ষিণ কোরিয়ার
বিক্ষোভরত দক্ষিণ কোরীয় চিকিৎসকেরা - ফাইল ছবি

দক্ষিণ কোরিয়া ৪ হাজার ৯০০ ইন্টার্ন ডাক্তারের মেডিক্যাল লাইসেন্স স্থগিত করার প্রক্রিয়া শুরু করেছে।

সোমবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

মেডিক্যাল স্কুলে ভর্তি বাড়ানোর সরকারি পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ওয়াকআউট’ করেছিলেন এই ডাক্তাররা। সরকার ‘ওয়াকআউট’ শেষ করার আল্টিমেটাম দিয়েছিল তাদের। কিন্তু তা উপেক্ষা করায় এই পদক্ষেপের ঘোষণা দিয়েছিল সরকার।

Advertisement

গত ২০ ফেব্রুয়ারি থেকে প্রায় ১২ হাজার ইন্টার্ন ডাক্তার- যা প্রশিক্ষণার্থী কর্মীর ৯৩ শতাংশ, কর্মবিরতিতে চলে যান। এতে বেশকিছু জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচার ব্যহত হয়। ফেব্রুয়ারির শেষ নাগাদ কাজে না ফিরলে মেডিক্যাল লাইসেন্স স্থগিত এবং জেল-জরিমানাসহ প্রশাসনিক ও আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারে বলে বিক্ষোভকারী চিকিৎসকদের সতর্ক করেছিল প্রশাসন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা প্রশাসনিক বিজ্ঞপ্তি পাঠিয়েছে। এটি ডাক্তারদের মেডিক্যাল লাইসেন্স স্থগিত করার প্রথম পদক্ষেপ। হাজার হাজার ইন্টার্ন ডাক্তার তাদের হাসপাতালে ফিরে যাওয়ার আদেশ অমান্য করার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও চিকিৎসা নীতি বিভাগের পরিচালক চুন বাইউং-ওয়াং সাংবাদিকদের বলেন, ‘৮ মার্চ পর্যন্ত ৪ হাজার ৯০০ জনেরও বেশি ইন্টার্ন ডাক্তারের কাছে সতর্কতা পাঠানো হয়েছিল।’

সরকার এর আগে ধর্মঘটে অংশগ্রহন করা ডাক্তারদের সতর্ক করে বলেছিল, তাদের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হবে। এই শাস্তির কারণে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে যোগ্যতা অর্জন করতে তাদের কমপক্ষে এক বছর বিলম্বিত হবে।

চুন বাইউং-ওয়াং ডাক্তারদের হাসপাতালে ফিরে যাওয়ার আহবান জানিয়ে বলেন, ‘সরকার পরিস্থিতি বিবেচনা করবে এবং প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ হওয়ার আগে ইর্ন্টান ডাক্তারা কাজে ফিরে গেলে তাদের সুরক্ষা দেবে। যে ডাক্তাররা এখন কাজে ফিরে আসবে তারা শাস্তি এড়াতে পারবে।’

তিনি আরো বলেন, ‘সরকার ডাক্তারদের সঙ্গে কথা বলতে রাজি। সংলাপের দরজা সবসময় খোলা... সরকার চিকিৎসা সংস্কারের সহযোগী হিসেবে চিকিৎসকদের  মতামতকে সম্মান করবে এবং শুনবে।’

চিকিৎসকদের ধর্মঘটের কারণে অস্ত্রোপচার স্থগিত, দীর্ঘ অপেক্ষা এবং বড় হাসপাতালগুলোয় চিকিৎসা বিলম্বিত হচ্ছে। এ অবস্থায় সিউল সামরিক চিকিৎসকদের একত্রিত করেছে। চলতি সপ্তাহের বুধবার থেকে সামরিক চিকিৎসকরা বেসামরিক হাসপাতালে কাজ শুরু করবেন বলে চুন জানান।

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী ডাক্তারা ধর্মঘটে অংশগ্রহন করতে পারবে না। উন্নত দেশগুলোর মধ্যে ডাক্তারের সংখ্যা কম হওয়ায় দেশটির সরকার আগামী বছর থেকে আরো ২ হাজার শিক্ষার্থীকে মেডিক্যাল স্কুলে ভর্তি হওয়ার জন্য আহবান জানিয়েছে। কিন্তু চিকিৎসকরা আশঙ্কা করছেন, সংস্কারের ফলে পরিষেবা এবং চিকিৎসা শিক্ষার মান নষ্ট হবে।

সূত্র: এএফপি, বিজনেস টুডে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!