সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ফোনে নিজের স্বামীর সাথে ঝগড়ার এক পর্যায়ে এ কাণ্ড ঘটায় ওই নারী।
প্রতিবেদনে বলা হয়, দু’বছরের সন্তানকে গলা টিপে হত্যার ঘটনায় মায়ের বিরুদ্ধে বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। পারিবারিক কলহের কারণে রাগের ঘোরে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।
.png)
ঘটনাটি ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার। পুলিশ জানায় অভিযুক্ত অফসানা খাতুনের রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল। রাগের মাথায় ছোট ছেলেকে নিয়ে তিনি ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলেন। ঘরে ঢোকার সময় কারো সঙ্গে ফোনে কথা বলছিলেন আফসানা। সেই সময় শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করে। কিছুতেই তাকে থামানো যাচ্ছিল না, এরপর রাগের মাথায় তখনই শিশুর গলা টিপে ধরেন মা।
পরিবারের সদস্যেরা পুলিশকে জানিয়েছেন, ঘটনার পরেও অনেকক্ষণ দরজা বন্ধ করে রেখেছিলেন ওই নারী। রাতে শোয়ার সময় তিনি দরজা খোলেন। তার স্বামী ঘরে ঢুকে শিশুটিকে অচেতন অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের অভিযোগের ভিত্তিতে নারীকে গ্রেফতার করা হয়েছে। যদিও তিনি পুলিশকে জানিয়েছেন বিরক্ত হয়ে শিশুটিকে তিনি ধাক্কা মেরেছিলেন ফলে সে বিছানা থেকে পড়ে যায়। সন্তানকে খুন করতে চাননি বলে দাবি করেছেন মা।