বুধবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন বলা হয়, যদি এই হামলা সিরিয়া থেকে হয়ে থাকে তাহলে গাজা যুদ্ধ শুরুর পর সিরিয়া থেকে এই প্রথমবারের মতো এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটলো।
.png)
ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, গোলান মালভূমির দক্ষিণাঞ্চলের একটি ভবনে বিস্ফোরক বোঝাই ড্রোন খুঁজে পেয়েছে ইসরায়েলি সেনারা। তবে তেল আবিব আনুষ্ঠানিকভাবে কোনো হামলার কথা স্বীকার করেনি।
তবে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে এক বিবৃতিতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলেছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির দক্ষিণে এলিয়াদ বসতির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে।
তারা আরো জানিয়েছে, এই হামলায় তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করেছে। গাজায় জায়নবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই হামলা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার সাইদ রাজি মুসাভি। তিনি সিরিয়া ও লেবাননে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সবচেয়ে পুরোনো কমান্ডারদের একজন।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মুসাভির ওপর হামলাকে ‘ইহুদিবাদী শাসকদের’ হতাশার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন। এর মধ্য দিয়ে আঞ্চলিকভাবে ইসরায়েল কোণঠাসা হয়ে পড়েছে বলেও প্রমাণিত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর হত্যার ঘটনার জন্য ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে।
দক্ষিণ পশ্চিম সিরিয়ার একটি পাথুরে মালভূমি হচ্ছে গোলান। এর আয়তন এক হাজার ৮০০ বর্গকিলোমিটার। ইসরায়েলের উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ার এই অঞ্চলটির প্রায় এক হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকা ১৯৬৭ সালে আরবদের সঙ্গে ছয় দিনের যুদ্ধে দখল করে নেয় ইসরায়েল। ১৯৮১ সালে ইসরায়েল গোলানকে নিজের অংশ বলে ঘোষণা দেয়। সামরিক এবং কৌশলগত কারণে গোলান মালভূমির গুরুত্ব অপরিসীম।