ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি হামলার কথা স্বীকার করে বলেন, ইসরায়েলের যুদ্ধবিমান জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা ফেলেছে। সেখানে ‘সন্ত্রাসী সংগঠন’ হামাসের কামান্ডারেরা লুকিয়ে ছিলেন।
বোমা হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম বিয়ারি নিহত হয়েছেন বলেও দাবি করেন দানিয়েল। তিনি জানান, ইব্রাহিম ছাড়াও হামাসের আরো কয়েকজন কমান্ডারের প্রাণ গেছে। তাদের হত্যা করার জন্যই শারণার্থী শিবিরে হামলা চালানো হয়েছে।
.png)
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও একজন হাসপাতাল পরিচালক বলেন, এ হামলায় অন্তত অর্ধশত জন নিহত হয়েছে। বিভিন্ন ছবিতে দেখা যায়, হামলা স্থলে বড় গর্ত তৈরি হয়েছে ও সেখানকার ভবন মাটির সঙ্গে মিশে গেছে।
মুখপাত্র ইয়াদ আল-বাজুম খান ইউনিসে এক হাসপাতালের বাইরে সাংবাদিকদের বলেন, এসব ভবন শতাধিক বাসিন্দার আবাস্থল ছিল। দখলদারের বিমান বাহিনী মার্কিন তৈরি ছয়টি বোমা দিয়ে এ জেলা ধ্বংস করে দিয়েছে। এটি গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ আগ্রাসন।
গাজার দক্ষিণাঞ্চলের রাফা সীমান্ত খোলার কথা রয়েছে আজ (বুধবার)। এর ফলে গুরুতর আহত ফিলিস্তিনিদের মিশরে চিকিৎসার ব্যবস্থা হবে।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। বিমান হামলায় ও স্থল অভিযানে গাজায় এ পর্যন্ত সাড়ে ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। নেই পানি, খাবার, ইন্টারনেট ও চিকিৎসা।