ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
সংগীত উৎসবস্থল থেকে মিলল ২৬০ মরদেহ

ইসরায়েলে নাচ-গানের অনুষ্ঠানটি যেভাবে নরকে পরিণত হলো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭, ৯ অক্টোবর ২০২৩
ইসরায়েলে নাচ-গানের অনুষ্ঠানটি যেভাবে নরকে পরিণত হলো
অনুষ্ঠান থেকে দৌড়ে পালাচ্ছেন অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নেগেভ মরুভূমিটি কিব্বুৎজ রিইম এলাকার কাছাকাছি এবং গাজা উপত্যকা থেকে খুব বেশি দূরে নয়।  শনিবার সকালে সেখানে ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সুক্কোত উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন কয়েকশ মানুষ। অনুষ্ঠিত সেই উৎসবের মধ্যে উপস্থিত হয়ে হামাস যোদ্ধারা হামলা চালান।বিষাদে। এতে ঘটনাস্থলেই শত শত মানুষের প্রাণহানি ঘটে এবং শতাধিক মানুষকে অপহরণ করে নিয়ে যান হামাস যোদ্ধারা। উন্মুক্ত ও খোলা মরুভূমিতে ‘নাচ-গান ও আনন্দে’ মেতে থাকা পরিবেশ মুহূর্তেই রূপ নেয় বিষাদে।

দেশটির উদ্ধারকারী সংস্থা জাকা জানান, নেগেভ মরুভূমি থেকে অন্তত ২৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোরে হামাসের প্রায় ১ হাজার যোদ্ধা গাজা উপত্যকা থেকে লোহার সীমান্ত প্রাচীর ভেঙে ইসরায়েলে প্রবেশ করেন। আর সে সময়ই গাজার পার্শ্ববর্তী মরুভূমিতে চলছিল এই উৎসব।

Advertisement

হামলার সময় মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন গিলি ইয়োসকোভিচ নামে ইসরায়েলি এক নারী। বিবিসির কাছে হামলার মুহূর্তটির বর্ণনা দিয়েছেন তিনি। 

গিলি জানান, হামাস যোদ্ধারা যখন উৎসবের স্থানটিতে উপস্থিত হন সেই সময়টিতে নাচে মত্ত ছিলেন অংশগ্রহণকারীরা। যোদ্ধারা সেখানে গিয়েই নির্বিচার গুলি শুরু করেন। তারা যাকেই সামনে পাচ্ছিলেন, তাকে গুলি করে মারছিলেন। 

প্রাণ বাঁচাতে ভীত-সন্ত্রস্ত গিলি দৌড়ে একটি ফলের গাছের আড়ালে গিয়ে আত্মগোপন করেন। প্রায় তিন ঘণ্টা তিনি সেখানে দাঁত কামড় দিয়ে পড়ে ছিলেন। তার পাশ দিয়েই চলে গেছে মুহুর্মুহু গুলি। সারা রাত ধর্মীয় অনুষ্ঠান সুকোট উদ্‌যাপন করে ক্লান্ত ছিলেন তরুণ বয়সীরা। হামলাকারীরা গাছ থেকে গাছে গিয়ে তাদের খুঁজে বের করে হত্যা করছিল। একপর্যায়ে হিব্রু ভাষায় কেউ কথা বলছে এমন আওয়াজ পেয়ে আড়াল থেকে বেরিয়ে আসেন গিলি। পরে ইসরায়েলি সেনারা তাকে উদ্ধার করে। 

বিবিসিকে গিলি বলেন, আমি দেখছিলাম, চারপাশেই মানুষজন মরে পড়ছে। আমি খুব শান্ত ছিলাম। কোনো চিৎকার করিনি। আমি আসলে কিছুই করিনি।

নিশ্চিতভাবে মারা যাচ্ছেন এই ভেবে দুই চোখ বন্ধ করে শুধু শ্বাস-প্রশ্বাস নিচ্ছিলেন গিলি। শুয়ে শুয়ে সন্তানদের কথা ভাবছিলেন শুধু। আর নিজেকে বলছিলেন, এখনো মরার সময় হয়নি।

গিলি বলেন, তারপর আমি একদিক থেকে কিছু হিব্রু কথা শুনতে শুরু করলাম, যদিও বাকি তিন দিক থেকে আরবি কথা ভেসে আসছিল। আমি বুঝতে পেরেছিলাম, কিছু সেনা সম্ভবত পাঁচ বা ছয়জন সেখানে উপস্থিত হয়েছে। 

আমি সেনাদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। আশপাশে তখনো সন্ত্রাসীরা ছিল। তাই আমি হাত ওপরে তুলে এগিয়ে যাচ্ছিলাম, যেন সেনারা আমাকে সন্ত্রাসী না ভাবে। তখন কেউ একজন আমাকে গাড়িতে নিয়ে তোলে। 

গিলি জানান, ঘটনাস্থল থেকে তাকেই সবার আগে উদ্ধার করা হয়েছে। 

উৎসবে অংশ নেয়া ড্যানিয়েল নামে আরেকজন জানান, উৎসবের স্থানটিতে একটি লাল সাইরেনের মাধ্যমে আসন্ন হামলার বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। হামলার আগমুহূর্তে ধারণ করা একাধিক ভিডিওতেও বিষয়টি দেখা গেছে। লাল সাইরেন দেখে অনেকেই ছোটাছুটি শুরু করেছিলেন। 

ড্যানিয়েল বলেন, সাইরেনের ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিশেষ করে, গাড়িগুলো ঘটনাস্থল ত্যাগ করার জন্য হুড়োহুড়ি শুরু করে। তারপরই গুলি শুরু হয় এবং আমরা দৌড়াতে শুরু করি।

হামাস যোদ্ধারা ঘটনাস্থলে থাকা সাইরেনটি গুলি করে উড়িয়ে দিয়েছিল। গাড়িতে ভারী অস্ত্র বোঝাই করে ঘটনাস্থলে উপস্থিত হয় তারা। তাদের একটি অংশ প্যারাগ্লাইডিং করেও আকাশ থেকে নিচে নেমে এসেছিল। 

জানা গেছে, কয়েক সপ্তাহ ধরেই সংগীতপ্রেমীরা জড়ো হচ্ছিলেন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত নেগেভ মরুভূমিতে। সেখানে অনুষ্ঠিত হচ্ছিল সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যাল। ইহুদিদের ধর্মীয় সুক্কোত উৎসবও একাকার হয়ে গিয়েছিল এই উৎসবের সঙ্গে। উৎসবের স্থানটিতে তিনটি স্টেজ ছিল। আগত অতিথিদের অনেকই উৎসবের স্থানটির কাছে পরিবার কিংবা পরিজন নিয়ে তাঁবু ফেলেছিল। এছাড়াও খাবার এবং মদ্যপানের জন্য আলাদা আলাদা স্থান নির্ধারিত ছিল।

অ্যাডাম ব্যারেল নামে একজন জানান, তিনি তার গাড়িতে চড়ে ঘটনাস্থল দ্রুত ত্যাগ করতে চাইছিলেন। কিন্তু খুব কাছে থাকা একটি জিপ থেকে অস্ত্রধারীরা তার গাড়িটিকে উদ্দেশ্য করে গুলি শুরু করে। এ অবস্থায় তিনি গাড়ি থেকে কোনোক্রমে নেমে দৌড়াতে শুরু করেন। ব্যারেল বলেন, যে যেদিকে পারছিল, পালাচ্ছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!