ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউটিউব দেখে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৫, ২৫ আগস্ট ২০২৩
ইউটিউব দেখে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা, অতঃপর…
এম লগনায়কি ও মাদেশ - ফাইল ছবি

প্রসবব্যথায় কাতরাচ্ছেন স্ত্রী। জরুরি ভিত্তিতে হাসপাতালে না নিয়ে ইউটিউবে ভিডিও দেখে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা করেন স্বামী। আর এতে নবজাতকের জন্ম হলেও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে ২৭ বছর বয়সী ওই নারীর।

গত মঙ্গলবার (২২ আগস্ট) ভারতের তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরি জেলার পোচামপল্লির পুলিয়ামপট্টি এলাকায় এ ঘটনা ঘটেছে।

ওই নারীর প্রতিবেশীরা পুলিশকে ঘটনাটি জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর ৩০ বছর বয়সী স্বামী মাদেশকে আটক করেছে।

Advertisement

মৃত নারীর নাম এম লগনায়কি। তিনি গৃহকর্মী ছিলেন। নবজাতককে চিকিৎসার জন্য পোচামপল্লির সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পোচামপল্লির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) মনোহরণ বলেছেন, তারা বিষয়টি জানতে পেরেছেন। ওই নারীর মৃত্যুর পরপরই মঙ্গলবার পেরুগোবনপল্লির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা এম রথিকা পোচামপল্লির পুলিশ পরিদর্শক এম প্রভাবতীর কাছে অভিযোগ করেছেন।

অভিযোগে রথিকা বলেছেন, লগনায়কিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ডিএসপি মনোহরণ আরো বলেন, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে পুলিশ একটি মামলা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য মাদেশকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে মাদেশকে গ্রেফতার দেখানো হবে।

সূত্র: টাইমস নাও

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!