চলতি বছর ওমরাহ পালন করতে এসে তা শেষ করার পর এখন পর্যন্ত যেসব বিদেশি মুসল্লি সৌদি আরবে অবস্থান করছেন, তাদেরকে নিজের দেশে ফিরে যাওয়ার সময়সীমা জানিয়ে দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিলকদ মাসের ২৯ তারিখের মধ্যে সৌদি ছাড়তে হবে। কোনো বিদেশি ওমরাহযাত্রী যদি এই সময়সীমার মধ্যে সৌদি ত্যাগ করতে না পারেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আর্থিক জরিমানা, দেশে ফেরত পাঠানো এবং আগামী ১০ বছর সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
.png)
আরবি চান্দ্র বছরের দিনপঞ্জিতে একাদশ মাস হলো জিলকদ, তার পরেই জিলহজ মাস। এই মাসের ৮ তারিখ থেকে শুরু হয় হজ, শেষ হয় ১০ তারিখ— ঈদুল আজহা বা কোরবানির ঈদের মধ্যে দিয়ে।
চলতি বছর ২১ মে থেকে শুরু হবে জিলকদ মাস। সেই হিসেবে ২০ জুন হবে ২৯ জিলকদ। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব বিদেশি ওমরাহযাত্রী এখনও সৌদিতে অবস্থান করছেন, তাদেরকে ২০ জুনের মধ্যে নিজ দেশে ফিরে যেতে হবে।
আরো পড়ুন>> সোমালিয়াতে ভয়াবহ বন্যায় নিহত ৩
মন্ত্রণালয়সূত্রে জানা গেছে করোনা মহামারিপূ্র্বের বছরগুলোর মতো চলতি বছরও বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি সৌদিতে হজ করতে আসবেন। আসন্ন এই হজযাত্রীদের সুবিধার জন্যই এই সময়সীমা বেঁধে দিয়েছে সরকার।
ইসলাম ধর্মের ৫ স্তম্ভ হচ্ছে হজ। প্রত্যেক সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মুসলিম নর-নারীর জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। তবে বছরের কেবল নির্দিষ্ট একটি সময়ই হজ করা যায়; আর সেই সময়টি হলো ৮ জিলহজ্ব থেকে ১০ জিলহজ্ব।
মুসল্লিরা হজে যেসব ধর্মীয় আচার পালন করেন, সেসব যদি হজ মৌসুম শুরুর আগে বা পরে হয়— সেক্ষেত্রে তা ওমরাহ বলে স্বীকৃত ইসলাম ধর্মে। আরবি চান্দ্র মাসের প্রথম মাস মুহররমের ১ তারিখ থেকে শুরু হয় ওমরাহর মৌসুম, এবং জিলহজ্ব মাসের কয়েকদিন ব্যতীত সারা বছরই তা থাকে।
আরবি চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী বর্তমানে আরবি বছরের দশম মাস চলছে। গত বছর ২০২২ সালের আগস্টে শুরু হয়েছিল চলতি আরবি বছরের প্রথম মাস মুহররম।
সূত্র: গালফ নিউজ