নিজেরাই নিজেদের মাথা কেটে বলি দিলেন দম্পতি!
সামাজিক রীতি অনুসরণ করতে গিয়ে নিজেদের বলি দিয়েছেন দম্পতি। নিজেরাই হাঁড়িকাঠ প্রস্তুত করেন। তার পর নির্দ্বিধায় তার নীচে মাথা রেখে নিজেদের উৎসর্গ করেন। বলির পর দম্পতির দেহের পাশে মিলেছে সুইসাইড নোটও।
ঘটনাটি ভারতের গুজরাটের রাজকোট জেলার। মৃতেরা হলেন হেমুভাই মাকোয়ানা (৩৮) এবং তার স্ত্রী হংসবেন (৩৫)।
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (১৫ এপ্রিল) রাতে উৎসব উপলক্ষে বলির যন্ত্রে নিজেরাই নিজেদের মাথা কেটেছেন তারা। পরের দিন পুলিশ গিয়ে তাদের দেহ উদ্ধার করে।
স্থানীয় থানার সাব ইনস্পেক্টর ইন্দ্রজিৎসিন জাদেজা জানান, ঈশ্বরের উদ্দেশে দম্পতি নিজেদের বলি দিয়েছেন। নিজেরাই বাড়িতে তারা বলির যন্ত্র প্রস্তুত করেছিলেন। তার পর তাতে মাথা রেখেছেন। এমন ভাবে গোটা প্রক্রিয়াটির পরিকল্পনা করা হয়েছিল যে, যন্ত্রের ঘায়ে মাথা কেটে সঙ্গে সঙ্গে তা গড়িয়ে যাবে সামনে রাখা যজ্ঞের বেদীতে। সেখানে যে আগুন জ্বলবে, সেই আগুনে পুড়ে যাবে মাথা দু’টি। পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে।
আরো পড়ুন>> লন্ডনে প্রতি ৬ মিনিটে একটি মোবাইল চুরি!
কী ভাবে বলির যন্ত্র বানিয়েছিলেন দম্পতি? পুলিশ জানিয়েছে, একটি দড়ির মাধ্যমে মাটি থেকে বেশ কিছুটা উচ্চতায় ঝুলিয়ে রাখা হয়েছিল লোহার ধারালো ব্লেড। তার নীচে বলির হাঁড়িকাঠ প্রস্তুত করেছিলেন দু’জন মিলে। শনিবার রাতে সেই বলির যন্ত্রের সামনে বেদীতে তারা আগুন জ্বালান এবং হাঁড়িকাঠে মাথা রেখে দড়ির বাঁধন খুলে দেন। উপর থেকে সঙ্গে সঙ্গে নীচে পড়ে লোহার যন্ত্র। কেটে যায় দু’টি মাথা।
মৃতদের পরিবারের সদস্যেরা জানিয়েছেন, এই দু’জন গত প্রায় এক বছর ধরে পুজো করছেন। ঈশ্বরের আরাধনায় মেতে আছেন। তাদের দুই সন্তানও রয়েছে। দম্পতি যে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারের সদস্যেরা কেউ জানতে পারেননি। পরের দিন সকালে তাদের কাছে মৃত্যুসংবাদ যায়। তারাই পুলিশ ডাকেন।
সুইসাইড নোটে দম্পতি সন্তানদের দেখাশোনা করার আর্জি জানিয়ে গিয়েছেন পরিবারের সদস্যদের কাছে। এই ঘটনায় পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করেছে। দেহ দু’টি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।