অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশী নিয়ে ইউরোপে যাওয়ার সময় ফের একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন।
গত মঙ্গলবার তিউনিশিয়া উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৭২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই আফ্রিকার নাগরিক।
.png)
চলতি বছর উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নৌকা ডুবে অভিবাসনপ্রত্যাশীদের মৃতের সংখ্যাও।
আরো পড়ুন>> জাতিসংঘ মহাসচিবের ওপর নজরদারি চালিয়েছিল যুক্তরাষ্ট্র
মঙ্গলবার অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকা তিউনিশিয়া উপকূলের কাছে ডুবে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দেশটির কোস্টগার্ডের সদস্যরা। বুধবার পর্যন্ত অভিযান চালিয়ে ৭২ জনকে জীবিত ও কয়েকজনের মরদেহ উদ্ধার করেন তারা।
এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের সবাই আফ্রিকার নাগরিক বলেও জানিয়েছে কোস্টগার্ড।
গেল মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টাকালে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫২ জন মারা গেছেন। নিখোঁজ হন আরও অন্তত ৭০ জন। এছাড়া চলতি বছরের প্রথম তিন মাসেই নৌকা ডুবে প্রায় সাড়ে ৪শ’ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সূত্র: ফ্রিডম অনলাইন