ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাহে রমজান উপলক্ষে বর্ণিল সাজে লন্ডন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৯, ২২ মার্চ ২০২৩
মাহে রমজান উপলক্ষে বর্ণিল সাজে লন্ডন
ছবি: সংগৃহীত

আর কয়েকদিন পরই শুরু হচ্ছে মুসলমানদের নিকট বছরের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান। মাসটির মহান বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে নতুন সাজে সেজেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিম প্রান্ত। প্রায় ৩০ হাজার বাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে গোটা এলাকা। রমজান উপলক্ষে এর আগে ব্রিটিশ শহরটিতে এ ধরনের সাজসজ্জা দেখা যায়নি।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, লিসেস্টার স্কয়ারের সঙ্গে পিকাডিলির সংযোগ ঘটানো কভেন্ট্রি স্ট্রিটে গেলেই চোখে পড়ছে উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করছে ‘হ্যাপি রামাদান’ (শুভ রমজান) লেখা। সম্প্রতি এই আলোকসজ্জার উদ্বোধন করেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনিও শহরটিতে বসবাসরত ১৩ লাখ মুসলিমের মতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন রমজানের জন্য।

মেয়র সাদিক খান উদ্বোধন করলেও এই প্রদর্শনীর মূল উদ্যোক্তার নাম আয়েশা দেশাই। ক্রিসমাস লাইটে অনুপ্রাণিত হয়ে রমজান উপলক্ষে তিনি একই ধরনের আলোকসজ্জার আয়োজন করতে চেয়েছিলেন।

Advertisement

আলোকসজ্জার উদ্যোক্তা ও দর্শনার্থীদের সঙ্গে লন্ডনের মেয়র সাদিক খান...

তিনি বলেন, এটি ক্রিসমাস লাইটের মতো করার ইচ্ছা ছিল আমার। বড় বোনের সঙ্গে ক্রিসমাস লাইট দেখতে যেতাম। আমি সেই আনন্দ ও জাদু লন্ডনে আনতে চেয়েছিলাম।

আয়েশা দেশাই আরও বলেন, রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিবেশীদের জানাতে চেয়েছিলাম, এটি আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। আমার কাছে বছরের সবচেয়ে প্রিয় মাস এটি।

আরো পড়ুন>> বিদ্রোহীদের হামলায় মিয়ানমারে ৮৮ সেনা নিহত

আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়েছে পুরো লন্ডনের বিভিন্ন এলাকাজুড়ে। দক্ষিণ কেনসিংটনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামে উন্মুক্ত ইফতারের আয়োজন করা হবে।

শুধু তাই নয়, মিউজিয়ামটিতে একটি অস্থায়ী মসজিদ এবং রমজান প্যাভিলিয়নও তৈরি করা হয়েছে। এছাড়া, উন্মুক্ত ইফতার আয়োজন করবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। মাঠের পিচের পাশে এই উন্মুক্ত ইফতার আয়োজন করবে তারা। মাসের শেষের দিকে একই কাজ করবে ওয়েম্বলি স্টেডিয়ামও।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!