৩০ হাজার সশস্ত্র যোদ্ধা নিয়োগ দিবে ওয়াগনার আর্মি
রাশিয়ার সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার আর্মির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ঘোষণা করেছেন, মে মাসে নতুন করে ৩০ হাজার যোদ্ধা নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। তবে প্রিগোজিন দাবি করেন, ওয়াগনার প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৮০০ জন যোদ্ধা নিয়োগ দেয়। এমনকি দৈনিক ১২০০ জন যোদ্ধা পর্যন্ত নিয়োগ দিয়ে থাকে ওয়াগনার আর্মি।
ওয়াগনার আর্মি মে মাসের মাঝামাঝি ৩০ হাজার নতুন যোদ্ধা নিয়োগের পরিকল্পনা করেছে। সশস্ত্র ভাড়াটে আর্মির প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন ১৮ মার্চ, শনিবার এই তথ্য দিয়েছেন। রাশিয়ার ৪২ টি শহরে ওয়াগনার নিয়োগ কেন্দ্র খোলা হয়েছে। এই কেন্দ্রগুলোতে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৮০০ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে।
প্রিগোজিন জানিয়েছেন, তার প্রত্যাশার চেয়ে ভাল ভাবে এগিয়ে চলছে নিয়োগ প্রক্রিয়া। এবারে যেসব স্বেচ্ছাসেবীকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা আগের নিয়োগপ্রাপ্তদের তুলনায় বলিষ্ঠ স্বাস্থ্যের অধিকারী।
তিনি বলেন, ‘মে মাসের মাঝামাঝি নাগাদ আমরা আমাদের ইউনিটে আরো ৩০ হাজার যোদ্ধা বাড়ানোর পরিকল্পনা করছি।'
আরো পড়ুন>> গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই আকস্মিক ক্রিমিয়া সফরে পুতিন
বর্তমানে বাখমুত দখল করার জন্য লড়াই করছে রাশিয়া। বাখমুতে ওয়াগনার আর্মির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত গ্রীষ্ম থেকে ইউক্রেনের এই শহরটি দখলের চেষ্টা করে যাচ্ছে প্রিগোজিনের লোকেরা।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার কারাগারে থাকা বন্দিদের নিয়োগ দিয়ে আসছিল ভাড়াটে বাহিনী। এখন স্পোর্টস, বক্সিং এবং জিম থেকে নতুন লোক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে।
এদিকে জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইউক্রেনে ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রায় ৫০ হাজার কর্মী রয়েছে। যার মধ্যে ১০ হাজার ঠিকাদার এবং ৪০ হাজার রাশিয়ায় দণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়োগ দেওয়া হয়।
সূত্র: সিএনএন