সম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লট শহরে এ ঘটনা ঘটে। সেখানে গ্রান্ড বোহেমিয়ান হোটেলের লিফটে আটকা পড়েছিলেন বর, কনে ও তাদের পরিবারের চার সদস্য।
জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি ছিল পানভ-ভিক্টোরিয়ার বিয়ের দিন। সেদিন বিয়ের পর্ব শেষ হওয়ার পর বাকি আনুষ্ঠানিকতায় অংশ নেয়ার উদ্দেশ্যে হোটেলের ১৬ তলায় উঠছিলেন বর-কনেসহ ছয় আরোহী।
.png)
পানভ ঝা জানান, মাত্র পাঁচ ফুট ওপরে উঠতেই হঠাৎ আটকে যায় লিফট। সেটি প্রথম ও দ্বিতীয়তলার মাঝামাঝি ঝুলতে থাকে এবং ভেতরে আটকা পড়েন তারা। এরপর দরজাগুলো খুলতে শুরু করে। কিন্তু তখন তাদের সামনে ও পেছনে ছিল কংক্রিটের দেয়াল!
শেষ পর্যন্ত এ অবস্থা থেকে মুক্তি পেতে ডাকা হয় শার্লট দমকল বিভাগকে। দমকল কর্মীরা জানিয়েছেন, তারা লিফটে আটকে পড়া নিয়ে বহু ফোনকল পান। তবে এবারের পরিস্থিতি বেশ কঠিন ছিল।
দমকলকর্মী ডেভিড বাড বলেন, লিফটে আটকা পড়া কলের ক্ষেত্রে সাধারণত যেসব বিষয় চেষ্টা করা হয়, আমরা সবই করেছি। কিন্তু কোনো কাজ করছিল না। পরে দড়ি দিয়ে টেনে বর-কনেসহ ছয় আরোহীকে বের করে আনা হয়। ততক্ষণে পেরিয়ে গেছে প্রায় আড়াই ঘণ্টা।
উদ্ধার কাজ শেষে বর-কনের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন দমকলকর্মীরা। ঘটনার বর্ণনাসহ সেই ছবি শেয়ার করা হয়েছে শার্লট দমকল বিভাগের ফেসবুক পেজেও। ছবিতে দেখা যায়, কনে একটি ঝলমলে লেহেঙ্গা এবং বর একই রঙের শেরওয়ানি পরে দমকলকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। নতুন জীবনের জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছে দমকল বিভাগ।
লিফটে আটকে পড়ার কারণে বিয়ে পরবর্তী ঐ অনুষ্ঠানে আর অংশ নেয়া হয়নি বর-কনের। তবে এ নিয়ে খুব বেশি আফসোস নেই কনের। লিফটে একা আটকে না পড়াতেই খুশি ভিক্টোরিয়া। তার কথায়, অন্ততপক্ষে সময়টা আমরা একসঙ্গে কাটিয়েছি।
পানভ ঝা স্বীকার করেছেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও ভবিষ্যতে সন্তানদের বলার জন্য দারুণ গল্প হবে। আমি বাচ্চাদের বলবো, তোমাদের মা এত সুন্দরী ছিলেন, যে দমকল বাহিনীকে আসতে হয়েছিল।
সূত্র: মানি কন্ট্রোল