খাবারের লোভ দেখিয়ে হত্যা, কিশোরীকে রেহাই দেয়নি পাষণ্ড!
কিশোরীকে শ্বাসরোধে হত্যার পর বর্বরতা থামায়নি দুর্বৃত্ত। মৃত্যু নিশ্চিত করতেই তার শরীর ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়। ভারতের রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় ঘটনাটি ঘটেছে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বুধবার বাড়ি থেকে একটু দূরে কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, হত্যার আগে কিশোরীকে ধর্ষণও করা হয়েছিল।
স্থানীয় সূত্রে খবর, নিহত কিশোরীর বাবা দিনমজুর। কিশোরই ছিল পরিবারের একমাত্র সন্তান।
বুধবার পুলিশ সুপার আনন্দ শর্মা বলেন, মঙ্গলবার থেকে ঐ কিশোরী নাবালিকা নিখোঁজ ছিল। অনেককে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি, নাবালিকাকে শেষ বার এক ব্যক্তির সঙ্গে দেখা গিয়েছিল। ঐ ব্যক্তি নাবালিকাকে চিপসে্র প্যাকেট কিনে দিচ্ছিলেন বলেও অনেকে দেখেছেন। কিশোরীকে লোভ দেখিয়ে অপহরণ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান করা হচ্ছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, প্রথমে কাপড়ের টুকরো দিয়ে ঐ নাবালিকার শ্বাসরোধ করা হয়। পরে ইট দিয়ে শরীর থেঁতলে দেওয়া হয়।
কিশোরীর দেহ তার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অভিযুক্তকে আগে থেকেই চিনত মেয়েটি। নিহতকে খুনের আগে যৌন নির্যাতন করা হয়েছিল কিনা তা ময়নাতদন্তের রিপোর্টেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তকে খুঁজতে স্থানীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু করেছে।