জলপ্রপাতে সেলফি তোলতে গিয়ে মারা গেলেন চার কিশোরী
জলপ্রপাতের কাছে গয়ে সেলফি তোলার সময় অসতর্কতার কারণে পড়ে গিয়ে চার কিশোরী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেলাগাভির কাছে কিটওয়াদ জলপ্রপাতে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কর্নাটকের বেলাগাভির কাছে অবস্থিত ঐ জলপ্রপাত দেখতে মাঝেমধ্যেই ভিড় করেন পর্যটকরা। শনিবার সেখানে পিকনিক যান ৪০ কিশোরী। এর মধ্যে জলপ্রপাতের কাছে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন পাঁচ কিশোরী। আচমকা পা পিছলে নিচে পড়ে পাঁচজন। এর মধ্যে মৃত্যু হয় চারজনের। একজনকে কোনোক্রমে উদ্ধার করেন স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
বেলাগাভি জেলা পুলিশের ডেপুটি কমিশনার রবীন্দ্র গাদাদি খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। বেলাগাভি ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে চিকিৎসা চলছে আহত কিশোরীর। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যাতে কোনো প্রভাব না পড়ে, সেদিকে নজর রেখেছে পুলিশ। হাসপাতাল চত্বরেও পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত জুলাই মাসে কর্নাটকের নীরসাগরে একই ধরনের ঘটনা ঘটে। জলাশয়ে পড়ে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। ঘটনার পর নীরসাগর জলাধারে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছিল পুলিশ।