ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইলন মাস্কের 'সাধারণ ক্ষমা', চালু হতে পারে টুইটারের স্থগিত অ্যাকাউন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ২৫ নভেম্বর ২০২২
ইলন মাস্কের 'সাধারণ ক্ষমা', চালু হতে পারে টুইটারের স্থগিত অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত

টুইটার কিনে কর্মী ছাঁটাই থেকে সামাজিক যোগামাধ্যমটিতে ব্যাপক পরিবর্তন আনছেন মার্কিন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। এবার কিছু স্থগিত বা বাতিল হওয়া অ্যাকাউন্ট ‘সাধারণ ক্ষমা’র আওতায় আনতে যাচ্ছেন তিনি। এ সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকে কার্যকর হচ্ছে।

শুক্রবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

যে অ্যাকাউন্টগুলো ‘আইনভঙ্গ করেনি অথবা গুরুতর স্প্যামে জড়িত নয়’ সেগুলো ফিরিয়ে দেওয়া উচিত হবে কিনা, এ সম্পর্কে বুধবার একটি জরিপ শুরু করেন মাস্ক। ৩১ লাখের বেশি টুইটার ব্যবহারকারী মাস্কের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মধ্যে ৭২.৪ শতাংশ মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছেন।

নিষিদ্ধ অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া নিয়ে ভোটাভুটি বা জরিপের প্রতিক্রিয়ায় এক টুইট বার্তায় মাস্ক বলেন, ‘জনগণ সাড়া দিয়েছে। আগামী সপ্তাহে ক্ষমার কাজ শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘ভক্স পপুলি, ভক্স দেই’। মূলত এটি একটি ল্যাটিন প্রবাদ। যার অর্থ- ‘মানুষের কণ্ঠই ঈশ্বরের কণ্ঠস্বর’। এই প্রবাদটি অন্যান্য টুইটার পোল সম্পর্কে কথা বলার সময়ও ব্যবহার করেছেন মাস্ক।

আরো পড়ুন>> রাস্তায় গরু ছেড়ে দেওয়ায় মালিকের ৬ মাসের কারাদণ্ড

মাস্ক জানিয়েছেন, নিষিদ্ধ অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া নিয়ে বুধবারের ভোটাভুটিতে অংশ নিয়েছেন ৩.১৬ মিলিয়ন উত্তরদাতা। এর মধ্যে ৭২.৪ শতাংশ বলেছেন, স্থগিত অ্যাকাউন্টগুলোকে টুইটারে ফেরত দেওয়া উচিত যতক্ষণ না তারা আইন ভঙ্গ না করে বা ‘গুরুতর স্প্যামে’ জড়িত না থাকে।

মূলত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুনর্বহাল করার পক্ষে সিদ্ধান্ত নেওয়ার সময়ও মাস্ক একই ধরনের ‘হ্যাঁ/না’ ভোটের ব্যবস্থা করেছিলেন।

ওই জরিপের পর গত শনিবার সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট সচল করে দেওয়া হয়। সপ্তাহখানেক আগের ওই জরিপে ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী (ট্রাম্পের) বিতর্কিত অ্যাকাউন্ট পুনঃস্থাপন করা হবে কিনা তা নিয়ে ভোট দিয়েছেন। ওই জরিপে ৫১.৮ শতাংশ অ্যাকাউন্ট পুনঃস্থাপন করার পক্ষে এবং ৪৮.২ শতাংশ বিপক্ষে ভোট দেন।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতা চালাতে সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগে গত বছরের জানুয়ারিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। ট্রাম্প সমর্থকদের সেদিনের সেই ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছিলেন। এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত কেঁপে উঠেছিল।

আরো পড়ুন>> এক ব্যক্তিকে হত্যার দায়ে ৪৯ জনের মৃত্যুদণ্ড

এই ঘটনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হওয়া ওই অ্যাকাউন্টটিতে ট্রাম্পের প্রায় নয় কোটি ফলোয়ার ছিলেন। কিন্তু ক্যাপিটল হিলে হামলায় ডোনাল্ড ট্রাম্প উসকানি দিয়েছেন, এমন অভিযোগ তুলে টুইটার কর্তৃপক্ষ বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিটির অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেয়।

বার্তা সংস্থা এএফপি বলছে, টুইটারে এই ধরনের জরিপে অংশ নেওয়া সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত। আর তাই অবৈজ্ঞানিক এবং সম্ভাব্য জাল ও ভুয়া অ্যাকাউন্ট এতে অংশ নেওয়াকে লক্ষ্যবস্তু করতে পারে।

এছাড়া টুইটারে ইলন মাস্কের ফলোয়ারের সংখ্যা ১১৮ মিলিয়ন। আর তাই টুইটারের ৪৫০ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীদের অনেকেই হয়তো মাস্কের জরিপের এই প্রশ্নটি দেখেননি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!