ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

স্পেনে বিয়ের আসরে গাড়ি চাপা দিয়ে ৪ জনকে হত্যা, আহত ৮

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:১৮, ৮ নভেম্বর ২০২২
স্পেনে বিয়ের আসরে গাড়ি চাপা দিয়ে ৪ জনকে হত্যা, আহত ৮
ছবি: সংগৃহীত

স্পেনে একটি বিয়ের অনুষ্ঠানে গাড়ি চাপা দিয়ে এক কিশোরসহ অন্তত চারজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। ওই বিয়ের আমন্ত্রিত অতিথিদের একটি গাড়ি তাদের চাপা দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৬ নভেম্বর) মাদ্রিদ শহরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ এ ঘটনাটি ঘটে বলে দেশটির জরুরী পরিষেবা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য সান।

প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে যে বিয়ের অনুষ্ঠানটিতে প্রথমে দুই জনের মধ্যে ঝগড়া শুরু হলে পরে তা দ্রুত লড়াইয়ে পরিণত হয়। এ সময় একটি গাড়ি সম্পূর্ণ গতিতে একই পরিবারের সদস্যদের চাপা দিয়ে তাদের ওপর দিয়ে কয়েকবার ছুটে যায়।

নিহতের মধ্যে একজন ৭০ বছর বয়সী নারী এবং ৪০, ৬০ ও ১৭ বছর বয়সী তিনজন পুরুষ রয়েছেন। তারা হাড় ভাঙা এবং একাধিক আঘাতের কারণে মারা গেছেন বলে জানা গেছে। এ ছাড়া আহতদের মধ্যে পা ও পেলভিসের হাড় ভাঙা দুই মধ্যবয়সী পুরুষ এবং মাথায় আঘাতপ্রাপ্ত দুই নারী রয়েছেন। জরুরী পরিষেবার দেওয়া তথ্য অনুসারে, দুজন 'সম্ভাব্য গুরুতর জখম' হয়েছেন।

আরো পড়ুন>> রেস্তোরাঁয় গিয়ে বিল দিতে না পেরে লজ্জার মুখে লিজ ট্রাস!

হত্যাকাণ্ডে ব্যবহার করা গাড়ির ৩৫ বছর বয়সী চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ২৫ মাইল দূরে ঘটনার কয়েক ঘণ্টা পর তাকে থামানো হয়েছিল। এ সময় গাড়িতে থাকা ১৬ এবং ১৫ বছর বয়সী দুই কিশোরকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা, এ ঘটনায় আরো এক ব্যক্তি জড়িত ছিলেন এবং তিলি পলাতক রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম হেরাল্ডোর মতে, গাড়িটি আঘাত করে পালানোর সময় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়াও গাড়িটিতে নিহতদের কিছু অবশিষ্টাংশ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, গাড়িতে বর ও কনের জন্য বিয়ের উপহার হিসেবে প্রায় পাঁচ হাজার ইউরো খুঁজে পাওয়া গেছে।

ঘটনাস্থলের ভিডিওতে অসংখ্য অ্যাম্বুলেন্স এবং জরুরী পরিষেবা কর্মীদের ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে দেখা গেছে। স্বাস্থ্যসেবার মোট ২২টি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল বলে জানা গেছে।

স্পেনের নরহত্যা বিভাগের এজেন্ট এবং জাতীয় পুলিশের বিশেষ বৈজ্ঞানিক দল ঘটনাটির তদন্ত করছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!