যুক্তরাষ্ট্র-ব্রিটিশ প্রশিক্ষিত আফগান কমান্ডো নিয়োগ দিচ্ছে রাশিয়া
আফগানিস্তান সেনাবাহিনীর সাবেক কমান্ডো সেনাদের নিয়োগ দিচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সেনাদের হাতে প্রশিক্ষিত কমান্ডোরা ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।
এফপি’র বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবামাধ্যম দ্য গার্ডিয়ান।
আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও ব্রিটিশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আফগানিস্তানের সেনাদের কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২১ সালের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তান ছেড়ে যায়। সেই সময় তাদের আফগানিস্তানেই রেখে যায় যুক্তরাষ্ট্র।
এফপির প্রতিবেদন অনুযায়ী, আশরাফ গানি নেতৃত্বাধীন আফগান সরকারের পতনের আগে অল্প সংখ্যক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সরানো হয়। এর মধ্যে কিছু সেনা কমান্ডো প্রতিবেশী দেশে পালিয়ে যান। কারণ আশরাফ গানি সরকারকে সহায়তার জন্য তালেবান তাদের খোঁজে বের করে শাস্তি দিচ্ছিল। তবে অনেকে আফগানিস্তানে আত্মগোপনে রয়েছেন।
আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী গঠনের জন্য ৯০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তালেবানের হাতে আশরাফ গানি নেতৃত্বাধীন সরকারের পতনে সেই সব অর্থ জলাঞ্জলি হয়।