যন্ত্রণায় ছটফট অন্তঃসত্ত্বার, ট্রেনেই সন্তান প্রসব করালেন মেডিকেল ছাত্রী
দুরন্ত এক্সপ্রেসের যাত্রী ছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। আচমকা তার প্রসব যন্ত্রণা ওঠে। চলন্ত ট্রেনে কী করবেন ভেবে উঠতে পারছিলেন না অন্তঃসত্ত্বা পরিবারের লোকজন। এ অবস্থায় নিজে থেকে এগিয়ে এলেন এক তরুণী। তার সাহায্যে সন্তান প্রসব করলেন ঐ নারী।
মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের অনকাপল্লিতে এ ঘটনাটি ঘটেছে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, স্বজনের বাড়ি যাওয়ার জন্য শ্রীকাকুলামের বাসিন্দা ঐ অন্তঃসত্ত্বা নারী সেকন্দরাবাদ দুরন্ত এক্সপ্রেসে উঠেন। তার সঙ্গে ছিলেন অন্য আত্মীয়রা। অনকাপল্লি স্টেশন অতিক্রমের সময় হঠাৎ প্রসব বেদনা শুরু তার। যন্ত্রণায় কাতরাতে থাকলে ভেবে পাচ্ছিলেন না তার সঙ্গীরা। ঐ সময়ে এক তরুণী নিজে থেকে সাহায্য করতে এগিয়ে আসেন। নিজের পরিচয় দিয়ে জানান, তিনি একজন মেডিকেল ছাত্রী।
খবরে আরো বলা হয়, তরুণীর প্রচেষ্টায় চলন্ত ট্রেনে সন্তান প্রসব করেন ঐ মহিলা। হাঁফ ছেড়ে বাঁচেন তার পরিবারের লোকজন। ঐ তরুণীর ভূয়সী প্রশংসা করেন তারা। সহযাত্রীরাও মেডিকেল ছাত্রীকে সাধুবাদ জানিয়েছেন।
জানা গেছে, ঐ তরুণী একটি মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্রী। কোনো চিকিৎসার সরঞ্জাম ছাড়াই সাহসের সঙ্গে তিনি অন্তঃসত্ত্বাকে সাহায্য করেন। এজন্য রেলের কর্মকর্তাদের প্রশংসা পান মেডিকেল ছাত্রী। সন্তান ও মা দু’জনেই সুস্থ আছেন।
মেডিকেল ছাত্রী জানান, তিনি শুধু নিজের দায়িত্ব পালন করেছেন।