ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

এতিমখানায় কিশোরীকে বেদম প্রহার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৭, ২ সেপ্টেম্বর ২০২২
এতিমখানায় কিশোরীকে বেদম প্রহার
ফাইল ছবি

সৌদি আরবে একটি এতিমখানায় এক কিশোরীকে নিরাপত্তা বাহিনীর নির্দয়ভাবে মারধরের ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পর ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত মঙ্গলবার রাতে ভিডিওটি অনলাইনে প্রকাশ পেয়েছে।

ভিডিওটিতে সাদা পোশাক পরা একদল পুলিশ ও কর্মকর্তাদের সৌদি আরবের দক্ষিণপশ্চিমের খামিস মুশাইত নগরীর একটি ‘সোস্যাল এডুকেশন হাউজে’ অভিযান চালাতে দেখা গেছে।

সেখানে দেখা যায়, এক কর্মকর্তা চিৎকার করতে থাকা এক কিশোরীর চুলের মুঠি ধরে টানতে টানতে একটি মাঠে নিয়ে আসছে। ওই সময় একজন পুলিশ কর্মকর্তা তাকে বেল্ট দিয়ে আঘাত করে। আরো কয়েকজন মেয়েকে ধাওয়া করা হয় এবং কাঠের লাঠি দিয়ে পেটানো হয়।

তবে কোন পরিস্থিতিতে এবং কবে নাগাদ এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন>> ‘ভোট জালিয়াতির’ অভিযোগে সু চির ৩ বছরের সশ্রম কারাদণ্ড

একজন টুইটার ব্যবহারকারী দাবি করেছেন, তিনি ওই ভিডিও সম্পাদন করেছেন। তিনি লেখেন, ‘‘ওই মেয়েরা এতিমখানা থেকে তাদের যেসব সুযোগ-সুবিধা দেয়ার কথা সেগুলো ঠিকঠাকমত দেওয়ার দাবি জানালে কর্তৃপক্ষ তা বাতিল করে দেয়। তখন তারা কর্তৃপক্ষের দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।”

পরে টুইটারে ওই নারী আরো কিছু ছবি পোস্ট করেন এবং দাবি করেন, ছবিতে ওই কিশোরীদের কয়েকজনের গায়ে কালশিরা দেখা যাচ্ছে। তাছাড়া, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সেই ভিডিও সামাজিক যোগাযোগ ‍মাধ্যম থেকে সরিয়ে নেয়ার হুমকি দিয়েছেন।

মঙ্গলবার রাতে ভিডিওটি প্রকাশের পর মানবাধিকারকর্মী এবং ভিন্নমতাবলম্বীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

দক্ষিণ-পশ্চিম আসির অঞ্চলের গভর্নর গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি ভিডিওটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছেন। তদন্ত প্রতিবেদন উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

ভিডিওটি এমন একটি সময়ে প্রকাশ পেয়েছে যখন সৌদি আরবে নারীদের অধিকার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ক্রমাগত বাড়ছে।

আরো পড়ুন>> হাসপাতালের জানালা দিয়ে পড়ে রুশ তেল কোম্পানি প্রধানের মৃত্যু

যদিও সম্প্রতি সেখানে নারীদের গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। পুরুষ অভিভাবকত্বের নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। কিন্তু দেশটিতে এখনো ভিন্নমতের বিরুদ্ধে দমনপীড়ন একইরকম আছে। বিশেষ করে নারী সমাজকর্মীদের কারাবন্দি করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির রাজপরিবার ও নেতাদের সমালোচনা করার দায়ে নোরাহ বিনতে সাইদ আল-কাহতানিকে এ সপ্তাহে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আর গত মাসের শুরুতে শুধুমাত্র টুইটারে ভিন্নমতাবলম্বীদের অনুসরণ করার কারণে একজন নারী অধ্যাপককে এবং যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের পিএইডি শিক্ষার্থী সালমা আল-শিহাবকে ৩৪ বছরে কারাদণ্ড দেওয়া হয়।

ভিডিওটি দেখুন...

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!