ফ্রান্সে গ্যাস রফতানি বন্ধ করলো রাশিয়া
ফ্রান্সে গ্যাস রফতানি বন্ধ করেছে রাশিয়া। ফ্রান্সের জ্বালানি ক্রয় ও বিতরণ বিষয়ক সরকারি কোম্পানি এঞ্জির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক লা ফিগারো।
রাশিয়ার গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও বিতরণ বিষয়ক সরকারি কোম্পানি গ্যাজপ্রম মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ফ্রান্সের সরকারি কোম্পানি রুবলে গ্যাস কিনতে আপত্তি করায় ৩০ আগস্ট থেকে দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করায় আন্তর্জাতিক মুদ্রাবাজার থেকে ডলার সংগ্রহ বিষয়ক সমস্যায় পড়ে রাশিয়া। এ পরিস্থিতিতে ২৩ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, রাশিয়া তার ব্যবসায়িক অংশীদারদের আগের মতোই গ্যাস সরবরাহ করে যাবে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের যে দাম, সেই দামেই গ্যাস বিক্রি করবে রাশিয়া। যেসব বিদেশি ক্রেতা রাশিয়ার গ্যাস কিনতে আগ্রহী, তাদের গ্যাসের বিনিময়মূল্য পরিশোধ করতে হবে রুশ মুদ্রা রুবলে। এক্ষেত্রে গ্যাস কেনার আগে বিদেশি ক্রেতাদের রাশিয়ার মুদ্রাবাজার থেকে প্রথমে রুবল কিনতে হবে।
রাশিয়ার এ সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছিল জার্মানি, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্যরাষ্ট্র। তাদের অভিযোগ, রাশিয়া ইউরোপকে বাগে আনতে গ্যাসকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে।
ফ্রান্সের সরকার রুবলে গ্যাস না কেনার সিদ্ধান্তে অনড় থাকায় অবশেষে ৩০ আগস্ট থেকে দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে রাশিয়া।