ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের অস্ত্রাগারে রাশিয়ার হাইপারসনিক মিসাইলের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭, ২২ আগস্ট ২০২২
ইউক্রেনের অস্ত্রাগারে রাশিয়ার হাইপারসনিক মিসাইলের আঘাত
ফাইল ফটো

যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হাইপারসনিক ক্যালিবার মিসাইলে ইউক্রেনের ওডেসার অস্ত্রাগার ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। রোববার ইউক্রেনের বন্দর শহর ওডেসার ও অস্ত্রাগারে হামলা চালানো হয়।

রাশিয়া দাবি করছে, ঐ অস্ত্রাগারেই যুক্তরাষ্ট্রের হাইমার রকেট সিস্টেম মজুদ ছিল। শুধু তা-ই নয়, খেরসনে রুশ সেনারা ইউক্রেনের দু’টি এম ৭৭৭ হাউইৎজারও ধ্বংস করেছে বলে জানায় দেশটি। ১০০ টন ডিজেল মজুত থাকা একটি পাম্পেও বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ইউক্রেন অবশ্য এসব দাবির কোনোটিই স্বীকার করেনি। তাদের পাল্টা দাবি, রাশিয়ার নিক্ষেপ করা দু’টি মিসাইল মাঝআকাশেই ধ্বংস করেছে তারা। তৃতীয় মিসাইলটি একটি শস্যের গুদামে আঘাত হেনেছে। এতে গুদামটিতে আগুন লেগে যায়। কিন্তু এ ঘটনায় কারো মৃত্যু হয়নি।

ইউক্রেনের দাবি, রোববার রাশিয়ার হামলায় শস্য নষ্ট হওয়া ছাড়া আর কোনো ক্ষতি হয়নি। অস্ত্রাগার ধ্বংসের কথাটিও সম্পূর্ণ অস্বীকার করেছে কিয়েভ। তবে কোনো পক্ষের দাবির সত্যতাই পরীক্ষা করে দেখতে পারেনি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

এদিকে, রোববার রাতে দেওয়া ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া আবার মানবাধিকার লঙ্ঘনের প্রক্রিয়া শুরু করেছে। তার দাবি, রাশিয়া পরিকল্পনা করেছে, ইউক্রেনের যুদ্ধবন্দিদের প্রকাশ্যে বিচার হবে। মূলত মারিউপলের কারখানা থেকে আটক করা সেনাদের প্রকাশ্যে বিচার করা হবে বলে জেলেনস্কির আশঙ্কা।

বস্তুত রাশিয়া আগেই জানায়, মারিউপলের ঐ যোদ্ধারা অ্যাজব ব্যাটালিয়নের সদস্য। অতিদক্ষিণপন্থী ঐ যোদ্ধাদের নব্য নাৎসি বলেও দাবি করা হয়েছিল। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলে আদালত বসিয়ে তাদের বিচারও শুরু হয়েছিল। জেলেনস্কির ধারণা, এবার প্রকাশ্যে তাদের বিচার হতে পারে।

আগামী ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। ৩১ বছর আগে এদিন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বেরিয়ে এসেছিল ইউক্রেন। ইউক্রেনের ধারণা, ঐদিন রাশিয়া বড়সড় কোনো হামলার পরিকল্পনা করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!