ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কেরানির বাসায় অভিযান, উদ্ধার হলো কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৬, ৪ আগস্ট ২০২২
কেরানির বাসায় অভিযান, উদ্ধার হলো কোটি টাকা
ফাইল ছবি

ভারতের এক সরকারি কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে নগদ ৮৫ লাখ রুপি (১ কোটি ১ লাখ ৭০ হাজার ৪৩৮ টাকা) উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল শহরে অবস্থিত ওই সরকারি কর্মচারীর বাসায় অভিযান চালায় মধ্যপ্রদেশ পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)।

যার বাড়িতে এ অভিযান চালানো হয়েছে, তার নাম হিরো কেসবানি। তিনি রাজ্য সরকারের কর্মচারী। পদ আপার ডিভিশন ক্লার্ক। রাজ্যের মেডিকেল শিক্ষা বিভাগে সংযুক্ত তিনি।

গতকাল গভীর রাত পর্যন্ত হিরোর বাসায় তল্লাশি অভিযান চলে। তার বাসা থেকে উদ্ধার হওয়া অর্থ গণনার জন্য পরে গণনাযন্ত্র আনা হয়।

হিরোর বাসা থেকে বেশ কিছু সম্পত্তির নথিপত্রও উদ্ধার করেছে ইওডব্লিউ। এই সম্পত্তির মূল্য কয়েক কোটি রুপি।

ইওডব্লিউর পুলিশ সুপার রাজেশ মিশ্র বলেন, সংস্থার একটি দল যখন হিরোর বাসায় পৌঁছায়, তখন তিনি কর্মকর্তাদের তল্লাশি চালানো থেকে বিরত রাখার চেষ্টা করেন। তিনি কর্মকর্তাদের ধাক্কা পর্যন্ত দেন। একপর্যায়ে তিনি বাথরুম ক্লিনার খান।

আরো পড়ুন>> তাইওয়ান প্রণালীতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে চীন

পরে হিরোকে রাজ্য সরকার পরিচালিত একটি হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা এখন স্থিতিশীল।

ইওডব্লিউর কর্মকর্তারা জানান, হিরোর বাসায় ৮৫ লাখ রুপির বেশি নগদ অর্থ পাওয়া যায়। তার বাসাটি বিলাসবহুল। বাসায় অনেক দামি জিনিসপত্র পাওয়া গেছে। বাসাটিতে যেসব নথিপত্র পাওয়া গেছে, তাতে দেখা গেছে, তিনি বেশির ভাগ সম্পত্তি তার স্ত্রীর নামে কিনেছেন। তার স্ত্রী একজন গৃহিণী। তার আয়ের কোনো উৎস নেই।

হিরোর অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির বিষয়টি তদন্ত করছে ইওডব্লিউ।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!