৬ টন হাতির দাঁতসহ পশুর অঙ্গের বিরাট চালান জব্দ
৬ টন হাতির দাঁতসহ বৃহৎ একটি চোরাচালান জব্দ করেছে মালয়েশিয়ার কাস্টমস পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত চলছে।
অবৈধ পাচারের অপেক্ষায় থাকা পশুর অঙ্গের বিরাট চালানটি সোমবার জব্দ করা হয়। অঙ্গগুলোর মাঝে রয়েছে ৬ টন হাতির দাঁত ও ১০০ কেজি প্যাঙ্গোলিনের আঁশ।
দেশটির পুলিশ বলছে, এটিই দেশটির ইতিহাসে জব্দ করা সবচেয়ে বড় অবৈধ চালান। এর দাম তাদের হিসাবে প্রায় ৮০ লাখ রিঙ্গিত (১.৮ কোটি ডলার)।
মালয়েশিয়া কর্তৃপক্ষ বলছে, হাতির দাঁত ও প্যাঙ্গোলিনের আঁশ ছাড়াও ২৫ কেজি গণ্ডারের শিং এবং আরো প্রায় ৩০০ কেজি পশুর মাথার কঙ্কাল, হাড় ও শিং রয়েছে।
জানা গেছে, ১০ জুলাই আফ্রিকা থেকে কনটেইনারে করে আসা একটি কাঠের চালানের ভেতর থেকে এ অঙ্গগুলো উদ্ধার করা হয়। এ অবৈধ চালানের গন্তব্য মালয়েশিয়া ছিল না।
একে গুরুত্বপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেন বন্য প্রাণী বাণিজ্য মনিটরিং গ্রুপ ‘ট্রাফিক'-এর দক্ষিণপূর্ব এশিয়ার পরিচালক কানিথা কৃষ্ণস্বামী।
তিনি বলেন, হুমকির মুখে থাকা নানা প্রজাতির এমন একটি চালান উদ্বেগজনক। এটি মালয়শিয়ার বন্দরগুলোকে এসব অঙ্গ পাচারের রুট হিসেবে ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে সন্দেহ, তাই প্রমাণ করে।
সূত্র: ডয়চে ভেলে ও রয়টার্স।