[ আন্তর্জাতিক ]
৮০ ফুট গভীর গর্তে আটকে ১১ বছরের বালক, ২২ ঘণ্টা ধরে উদ্ধারের চেষ্টা
ছবি: সংগৃহীত
ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে খেলতে খেলতে ৮০ ফুট গভীর গর্তে পড়ে গেছে ১১ বছর বয়সী এক বালক। রাহুল শাহু নামের ওই বালককে জীবিত উদ্ধারে দীর্ঘ ২২ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র সদস্য ও কর্মকর্তাদের পাশাপাশি ছত্তিশগড় পুলিশ এবং সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীও অক্লান্ত ভাবে চালিয়ে যাচ্ছে কাজ।
শুক্রবার (১০ জুন) বিকেল ৪টা নাগাদ জঞ্জগীর-চম্পা জেলার মালখরোদা ব্লকের পিরহিদ গ্রামের ওই বালক গভীর নলকূপের জন্য খোঁড়া প্রায় ৮০ ফুট গভীর গর্তে পড়ে গিয়েছিল। প্রথমে জেলা পুলিশ এবং ছত্তিশগড়ের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়। পরে এসে পৌঁছয় এনডিআরএফ টিম।
জঞ্জগীর-চম্পা জেলা পুলিশের সুপার বিজয় অগ্রবাল জানিয়েছেন, প্রথমে ওই গভীর গর্ত থেকে রাহুলকে তোলার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। এর পর এনডিআরএফ টিমের তত্ত্বাবধানে আর্থ মুভার এনে সমান্তরাল একটি গর্ত খুঁড়ে উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে।
আরো পড়ুন>> হারানো রুশ সাম্রাজ্য পুনরুদ্ধার করতে চান পুতিন
রাহুলের বাবা লালারাম শাহু শনিবার বলেন, ‘‘গভীর নলকূপের জন্য ওই গর্ত খোঁড়া হয়েছিল। কিন্তু পানি মেলেনি। এর পর পরিত্যক্ত গর্তের মুখ খোলা ফেলে রাখা হয়েছিল।’’
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!