পুতিনের বক্তব্যের মাঝে বন্ধ হলো সরাসরি সম্প্রচার
ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাবাহিনীর প্রতি সমর্থন জানানো এবং ২০১৪ সালে ক্রিমিয়া দখলের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে মস্কোর ফুটবল স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার স্টেডিয়ামে সমর্থকদের উদ্দেশে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণের মাঝখানেই বন্ধ হয়ে যায় রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচার।
সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর টেলিভিশনে প্রচার হতে থাকে একই আয়োজনের পূর্বে ধারণ করা অংশ।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। আর এই চ্যানেলে প্রেসিডেন্ট পুতিনের বক্তব্য প্রচারে বিঘ্নের ঘটনা বিরল।
পরে ক্রেমলিনের তরফে বলা হয়, সার্ভারে প্রযুক্তিগত সমস্যায় সম্প্রচারে বিঘ্ন ঘটেছে।
আরো পড়ুন>> অটো চালিয়ে শপথ নিতে এলেন মেয়র!
প্রায় দশ মিনিট পর ফের সম্প্রচার শুরু করে রাষ্ট্রীয় টেলিভিশন। তখন প্রেসিডেন্ট পুতিনের মঞ্চে আরোহণ থেকে শুরু করে পুরো ভাষণ এবং তার মঞ্চ ছেড়ে যাওয়ার পুরো অনুষ্ঠান ফের চালানো হয়।
৮০ হাজার ধারণক্ষমতার লুঝনিকি স্টেডিয়ামের এই অনুষ্ঠানে পুতিন বলেন, আমরা জানি আমাদের কী করা প্রয়োজন এবং এই যুদ্ধের জন্য আমাদের কী পরিমাণ মূল্য দিতে হবে। অবশ্যই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব।
ইউক্রেনে যুদ্ধরত সেনাবাহিনীর প্রতি সমর্থন প্রদর্শন এবং ২০১৪ সালে ক্রিমিয়া দখলের বর্ষপূর্তি উপলক্ষে ওই আয়োজন করা হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান