ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিক্ষোভকারীদের সরিয়ে রাজপথের দখল নিল কানাডার পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২২
বিক্ষোভকারীদের সরিয়ে রাজপথের দখল নিল কানাডার পুলিশ
ছবি: সংগৃহীত

বাধ্যতামূলক টিকানীতির বিরুদ্ধে রাজধানী অটোয়ায় পার্লামেন্টের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে কানাডার পুলিশ। টানা তিন সপ্তাহ ধরে গুরুত্বপূর্ণ জায়গাটি দখলে নিয়ে ব্যাপক বিক্ষোভ করছিল ট্রাকচালকরা।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সরকার জরুরি আইন বলবত্ করার পর শুক্রবার সকালে অভিযান শুরু হয়েছে। সেই অভিযানে ১৭০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এছাড়া ৩৮টি গাড়ি এবং কয়েকটি ঘোড়াও জব্দ করা হয়েছে।

বিক্ষোভকারীদের অনেককে ধ্বস্তাধ্বস্তি করার কারণে মাটিতে চেপে ধরে হাত পিঠের পেছনে বেঁধেছে পুলিশ। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছে। তবে অটোয়ায় অভিযান শান্তিপূর্ণভাবে চলছে বলে দাবি করেছে পুলিশ।

আরো পড়ুন>> বরযাত্রী নিয়ে নদীতে ডুবল গাড়ি, নিহত ৯

অটোয়ার অন্তর্বর্তী পুলিশ প্রধান স্টিভ বেল বলেছেন, নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে আমরা অভিযান শেষ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হইনি। এটি (বিক্ষোভ) শেষ না হওয়া পর্যন্ত আমরা অভিযানে আছি।

তিনি আরো বলেছেন, বিক্ষোভকারীদের অনেকেই পার্লামেন্টের আশেপাশের এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছেন। সেই এলাকাগুলো থেকেও তাদের সরিয়ে দেওয়া হবে।

আরো পড়ুন>> স্ত্রীর চিকিৎসার বিল মেটাতে নিজের সার্টিফিকেট বন্ধক রাখলেন চিকিৎসক

এর আগে গতকাল তিনি বলেছেন, অভিযান পরিকল্পনামাফিক চলবে। পরিস্থিতি ঠিক হতে সময় লাগবে। বিক্ষোভ নিয়ন্ত্রণে এনে নগরের পরিবেশ স্বাভাবিক করতে ব্যর্থতার অভিযোগের মুখে কয়েকদিন আগে শহরের পুলিশ প্রধান পদত্যাগ করেন। তারপর অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান হন স্টিভ বেল।

গত শুক্রবার পুলিশের যে অভিযান শুরু হয়েছে, তা কানাডার ইতিহাসে সবচেয়ে বড় পুলিশি অভিযানগুলোর অন্যতম।

পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, তারা কিছু সংখ্যক বিক্ষোভকারীর ওপর মরিচের গুঁড়া ব্যবহার করেছে। বিক্ষোভকারীদের আক্রমণাত্মক ব্যবহার এবং পুলিশ কর্মকর্তাদের নিরাপত্তার জন্য এটি করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!