[ আন্তর্জাতিক ]
ফেসবুক পোস্টে হা হা রিয়্যাক্ট, যুবককে মেরে হাসপাতালে পাঠাল প্রতিবেশী
ছবি: প্রতীকী
সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের পোস্টের তলায় হা হা রিয়্যাক্ট দিয়ে থাকেন অনেকেই। কেউ মজা করেন, কেউ বা ইচ্ছে করেই হেসে দেন। বিশেষ করে বন্ধু-বান্ধবদের ছবিতে হা হা তো প্রায়শই দেখা যায়। কিন্তু এভাবে ফেসবুকে হাসতে গিয়েই এবার বিপদে পড়লেন যুবক। তাকে বেধড়ক মার খেতে হল প্রতিবেশীর হাতে।
আহত ওই যুবকের নাম ওমপ্রকাশ ঠাকুর। তিনি ভারতের কামারহাটির বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, কামারহাটিরই জয়ন্ত সিং নামের এক ব্যক্তির পোস্টের তলায় হা হা রিয়্যাক্ট দিয়েছিলেন ওমপ্রকাশ। সেই থেকে ক্ষোভের সৃষ্টি হয়। ওমপ্রকাশ পেশায় নাইটগার্ড। অভিযোগ, রাতে কাজে যাওয়ার সময় আড়িয়াদহের পাঠবাড়ি লাইন এলাকায় তাকে আটকে দেয় জয়ন্তের দলবল। বেধড়ক মারধর করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ওমপ্রকাশকে। গোটা ঘটনায় ক্ষুব্ধ ওমপ্রকাশের প্রতিবেশীরা। তারা থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। বেলঘড়িয়া থানায় এফআইআর দায়ের হলেও অভিযুক্ত কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি বলে খবর। ঘটনার পর থেকেই তারা এলাকা ছাড়া। পুলিশ তদন্ত চালাচ্ছে।
সূত্র: দ্য ওয়াল
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!