ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

একের পর এক মোটরসাইকেল ও পথচারীদের পিষে দিল প্রাইভেট কার!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪১, ১০ নভেম্বর ২০২১
একের পর এক মোটরসাইকেল ও পথচারীদের পিষে দিল প্রাইভেট কার!
ছবি: সংগৃহীত

সড়কে স্বাভাবিক ভাবেই চলছিল বিভিন্ন যানবাহন। এরমধ্যেই হঠাৎ নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কার পেছন থেকে একের পর এক চাপা দিতে থাকে সড়কে চলতে থাকা বেশকিছু মোটরসাইকেলকে। ভয়াবহ এই তাণ্ডব থেকে বাদ যায়নি পথচারীরাও।

মঙ্গলবার (৯ নভেম্বর) ভারতের রাজস্থানের যোধপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।

সড়কের সিসিটিভি ক্যামারায় ধরা পড়েছে পুরো ঘটনা। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি।

ওই ভিডিওতে দেখা যায়, যানবাহনে ঠাঁসা ব্যস্ত রাস্তায় হঠাৎ একটি প্রাইভেট কার একের পর এক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সামনে এগোচ্ছে। আর ছিটকে পড়ছেন বাইক চালকরা। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ফুটপাতে উঠে পড়ে গাড়িটি। পরপর আট থেকে ১০ জনকে পিষে দেয় ওই গাড়ি। ফুটপাথের দোকানেও ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি।

এ ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত আটজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

এরইমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে গাড়ির চালককে চিহ্নিত করে হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময়ই নিয়ন্ত্রণ হারান ওই চালক। বিষয়টি বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভিডিওটি দেখুন:

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!