হন্ডুরাসে কারাগারে ব্যাপক সংঘর্ষে নিহত ৫, আহত ৩৯
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি উচ্চ সুরক্ষিত কারাগারে কয়েদিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরো ৩৯ জন। আহতদের মধ্যে কয়েকজন কারারক্ষীও রয়েছেন।
বৃহস্পতিবার দেশটির সর্ববৃহৎ এবং জনবহুল নগরী তেগুসিগালপার লা তোলভা কারাগারে ওই সংঘর্ষের ঘটনা ঘটে বলে কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
কারা কর্মকর্তারা জানান, প্রায় তিন ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। সংঘর্ষে তাজা গুলি এবং অন্তত একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
কর্মকর্তারা বলেন, বারিও১৮ গ্যাংয়ের সদস্যরা কারাগারে তাদের প্রতিদ্বন্দ্বী সালভাত্রুচা১৩ গ্যাংয়ের অংশে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
ওই কারাগারে ১৫শ’র বেশি কয়েদি রয়েছে।
স্থানীয় একটি টেলিভিশনকে প্রসিকিউটর সারা গোমেজ বলেন, আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।
২০১৯ সালের শেষ দিক থেকে হন্ডুরাসের কারাগারগুলোর নিয়ন্ত্রণ করছে দেশটির সেনাবাহিনী। সেখানে প্রায়ই কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
হন্ডুরাসে প্রায় ২৫টি কারাগারের সবগুলোতেই ধারন ক্ষমতার অতিরিক্ত কয়েদি রাখা হয়েছে। ওই কারাগারগুলোতে ২২ হাজারের বেশি কয়েদি রয়েছেন। যাদের খাবারের অভাব এবং নোংরা শৌচাগার ব্যবহার করতে হয় বলে দাবি নানা মানবাধিকার সংস্থার। কারাগারে কর্মী এবং কয়েদিদের দুর্নীতিরও প্রচুর অভিযোগ রয়েছে।