৩৫ বছর পর বংশে প্রথম কন্যাসন্তানের জন্ম, আনতে হেলিকপ্টার প্রেরণ
দীর্ঘ ৩৫ বছর পর বংশে প্রথম বারের মতো জন্ম নিয়েছে কন্যাসন্তান। সেই খুশিতে নবজাতকসহ পুত্রবধূকে বাড়িতে আনতে হেলিকপ্টার পাঠিয়েছেন এক শ্বশুর।
বুধবার ভারতের রাজস্থান রাজ্যের নাগর জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, জেলার হনুমান প্রজাপতের স্ত্রী চুকি দেবী গত ৩ মার্চ হাসপাতালে কন্যাসন্তান প্রসব করেন। শিশুটির নাম রাখা হয় রিয়া। জন্মের পর হাসপাতাল থেকে তাকে প্রথমে রাজস্থানের হারসোলাভ গ্রামে শিশুর নানাবাড়িতে নেয়া হয়।
একমাস থাকার পর গত বুধবার রিয়াকে নাগর জেলার নিম্বড়ি চান্দয়াতা গ্রামে শিশুর দাদাবাড়িতে নেয়া হয়। তবে রিয়ার দাদা মদনলাল কুমার নাতনিকে বিশেষভাবে স্বাগত জানাতে চান। কারণ, ৩৫ বছরের মধ্যে এই প্রথম তার পরিবারে কোনো কন্যাশিশুর জন্ম হয়েছে। আর তাই পুত্রবধূ ও নাতনিকে বাড়িতে আনতে হেলিকপ্টার পাঠান তিনি।
রিয়ার বাবা হনুমান প্রজাপত সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আমাদের বাড়িতে আমাদের রাজকন্যার আগমনকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। পরিবার ও আমার কাছে আমাদের কন্যার অত্যাধিক গুরুত্বের কথা জানাতেই আমরা যথাসাধ্য উদ্যোগ নেই। এজন্য আমারা সর্বোচ্চ হেলিকপ্টারের ব্যবস্থাই করতে পারতাম এবং আমরা তাই করেছি।’
রাজস্থানের হারসোলাভ গ্রাম ও নিম্বড়ি চান্দয়াতা গ্রামের মধ্যে ৪০ কিলোমিটারের দূরত্ব। হেলিকপ্টারে করে আসতে ১০ মিনিট সময় লাগে।
রিয়ার দাদা মদনলাল বলেন, ‘৩৫ বছর পর আমাদের পরিবারে একটি কন্যাশিশুর জন্ম হয়েছে। এই খুশিতেই আমরা এমন ব্যবস্থা করেছি। আমি আমার নাতনির সব স্বপ্ন পূরণ করব।’