ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হংকংয়ে গণতন্ত্রপন্থী ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০২, ১০ আগস্ট ২০২০
হংকংয়ে গণতন্ত্রপন্থী ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

বিদেশি শক্তির সঙ্গে মিলিত হওয়ার অভিযোগে হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনাঢ্য ব্যবসায়ী জিমি লাইকে গ্রেফতার করা হয়েছে। তার এক সহযোগী এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

লাইর নেক্সট মিডিয়া গ্রুপের ঊর্ধ্বতন নির্বাহী মার্ক সিমন নামে জিমি লাইয়ের ওই সহযোগী বলেন, গত জুনে চীনের আরোপ করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত বছর হংকংয়ে গণতন্ত্রপন্থী যে বিক্ষোভ হয়েছিল তাতে সমর্থন দিয়েছিলেন জিমি লাই। এমনকি তাকে সক্রিয়ভাবে এসব বিক্ষোভে অংশও নিতে দেখা গেছে।

মার্ক সিমন টুইটারে লিখেছেন, মিডিয়া সম্রাটকে (লাই) এই সময়ে বিদেশি শক্তিগুলোর সঙ্গে মিলিত হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

৭১ বছর বয়সী জিমি লাইয়ের ব্রিটেনের নাগরিকত্বও রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অবৈধ সমাবেশ এবং ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়। তবে পরবর্তীতে তাকে জামিন দেয়া হয়।

সংবাদ সংস্থা বিবিসির খবরে জানা যায়, সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় জিমি লাইয়ের মিডিয়া অফিসে প্রবেশ করেছিল পুলিশ কর্মকর্তারা। তার সেখানে তল্লাশি চালানো হয়েছে।

হংকং পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করায় সোমবার সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তবে জিমি লাইয়ের গ্রেফতারের বিষয়টি তারা উল্লেখ করেনি।

উল্লেখ্য, জিমি লাইয়ের প্রতিষ্ঠিত হংকংয়ের বহুল প্রচারিত পত্রিকা অ্যাপল ডেইলি হংকং ও চীনা প্রশাসনের নানান বিষয়ে খবর প্রচার করে বিরাগভাজনে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে জিমি লাই বলেছিলেন, প্রশাসন আমার দৃঢ়তাকে ঘৃণা করে। তারা মনে করে, আমি সমস্যা সৃষ্টি করছি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!