ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সমকামিতায় মৃত্যুদণ্ড বাতিল করল ব্রুনাই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৮, ৬ মে ২০১৯
সমকামিতায় মৃত্যুদণ্ড বাতিল করল ব্রুনাই
সুলতান হাসানাল বোলকিয়া। ফাইল ছবি

সমকামিতার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থেকে সরে এসেছে ব্রুনাই। এ অপরাধে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান চালুর এক মাস পরই তা স্থগিত করলো দেশটি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গেল ৩ এপ্রিল থেকে শরিয়া আইন চালুর ঘোষণা দেন সুলতান হাসানাল বোলকিয়া। সেই আইন অনুযায়ী, দেশটিতে সমলিঙ্গের মধ্যে যৌন সম্পর্ক, ধর্ষণ, মোহাম্মদ (সা.) কে অবমাননার মতো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড, চুরির শাস্তি হিসেবে অঙ্গচ্ছেদের বিধান ইত্যাদি চালু করা হয়। 

কিন্তু বৈশ্বিক সমালোচনা ও চাপের কারণে এক মাসের মাথায় দেশটির সুলতান সমকামিতার জন্য পাথর ছুড়ে মৃত্যুর শাস্তি আইন থেকে সরে এসেছেন। তবে দেশটিতে শরিয়া আইন কার্যকর রেখেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

গেল রোববার তিনি এ বিধানের ওপর স্থগিতাদেশ দেন। খবরে বলা হয়েছে, সমকামিতার জন্য পাথর ছুড়ে মৃত্যুর শাস্তির আইন জারির পর বিশ্বজুড়ে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আইনটি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ও বিভিন্ন সেলিব্রেটিদের প্রতিবাদ ও দেশটিকে বয়কটের ঘোষণার পর দেশটি নতুন করে এমন সিদ্ধান্ত নিল।

যদিও ব্রুনাইয়ে সমকামিতা আগে থেকেই নিষিদ্ধ ছিল, তবে এর শাস্তি ছিল ১০ বছরের কারাদণ্ড। এছাড়া দেশটিতে ১৯৫৭ সালের পর কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

এ সম্পর্কে এক বক্তৃতায় সুলতান বলেন, শরিয়া পেনাল কোড অর্ডার বা এসপিসিওর বিষয়ে ওঠা প্রশ্ন নিয়ে তিনি সচেতন আছেন। এখন এসপিসিওর ওপর স্থগিতাদেশ দেয়ার সময়েও তিনি নতুন আইনের পক্ষে কথা বলেছেন। দেশটিতে এবারই প্রথম শাসক কেউ প্রকাশ্যে নিজের করা আইনের বিষয়ে কথা বললেন।

ডেইলি বাংলাদেশ/মাহাদী/জেডআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!