জঙ্গলে বিবাহবার্ষিকী উদযাপনে দম্পতি, বানরের কাণ্ডে হাসির রোল
বিবাহবার্ষিকীকে স্মরণীয় করতে বাড়ি বা হোটেল হলরুমে বড় অনুষ্ঠানে কেক কাটাসহ বিলাসি আয়োজন করেন অনেকে। তবে বিলাসি সব ধারা ভেঙে বিবাহবার্ষিকী উদযাপন করতে সহযোদ্ধাদের নিয়ে জঙ্গলে কেক কাটতে যান এক দম্পতি। কেক কেটে খাওয়ানোর সময় একটি বানর সেটি চুরি করে গাছের মগডালে নিয়ে যায়। আর এ দৃশ্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে হাসির রোল শুরু হয়।
সম্প্রতি বিবাহবার্ষিকীর কেক চুরির দৃশ্যের ভিডিওটি টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন আইএফএস সুশান্ত নন্দা নামের এক ব্যক্তি। এক বছর আগের ভিডিওটির ক্যাপশনে সুশান্ত নন্দা লিখেন, জঙ্গলে বিবাহবার্ষিকী উদযাপনের অভিজ্ঞতা যেমন হওয়া উচিত, ঠিক তেমনটাই হয়েছে।
ভিডিও-তে দেখা যায়, জঙ্গলের ভেতরে বোল্ডারে কেক রেখে এক পর্যটক যুগলের বিবাহবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নেয় সহযোগী পর্যটকেরা। তবে তাদের কেক-এর উপরে নজর ছিল গাছে থাকা একটি বানরের। যখন স্বামী কেক কেটে স্ত্রীর মুখে তুলে দিচ্ছিলেন, ঠিক তখনই এক বানর পায়ের নিচ দিয়ে পুরো কেক নিয়ে গাছের মগডালে উঠে যায়। সেখানে গিয়ে মনের সুখে কেক খেতে থাকে বানর।
বানরের এ কীর্তি দেখে দম্পতিসহ পর্যটকদের পিত্তি জ্বলা অবস্থা। রাগ যতই বাড়ছিল ততই আয়েশ করেই কেকে কামড় বসাচ্ছিল বানরটি।
ভিডিওটি যখন ভাইরাল হয়, তখন পাকা ধানে মই দেয়া বানরে কাণ্ডে হাসি চাপতে পারছেন না অনেকেই।